ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে বিভিন্ন সময়ে জব্দ করা প্রায় সাড়ে তিন থেকে চার কোটি টাকা মূল্যের ভারতীয় পণ্য ধ্বংস করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে আখাউড়া স্থলবন্দরের কাস্টমস এলাকায় গর্ত করে নির্ধারিত প্রক্রিয়ায় এসব পণ্য বিনষ্ট করা হয়।
কাস্টমস সূত্র জানায়, ধ্বংসকৃত পণ্যের মধ্যে প্রায় ৯৫ শতাংশই ছিল ভারতীয় আতশবাজি। এছাড়া জব্দ তালিকায় ছিল ভারতীয় শাড়ি, লুঙ্গি, জর্দা, সিগারেট, কসমেটিকস সহ বিভিন্ন ধরনের পোশাক ও ভোগ্যপণ্য। যার আনুমানিক বাজারমূল্য ৩ থেকে ৪ কোটি টাকা।
অবৈধভাবে আনা এবং শুল্ক ফাঁকি দিয়ে দেশে প্রবেশের সময় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে এসব পণ্য জব্দ করা হয়েছিলো। দীর্ঘদিন গুদামে সংরক্ষিত থাকার পর আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে গঠিত ধ্বংস কমিটির উপস্থিতিতে ভেকু দিয়ে গর্ত করে এসব পণ্য ধ্বংস করা হয়।
এ ব্যাপারে আখাউড়া কাস্টমসের সহকারী কমিশনার মো. আতিকুর রহমান জানান, জব্দ করা এসব পণ্যের বেশিরভাগই আমদানি নিষিদ্ধ অথবা ব্যবহারের অনুপযোগী ছিল। অবৈধ পণ্য আমদানি প্রতিরোধ ও বাজার নিয়ন্ত্রণে এ ধরনের কঠোর ব্যবস্থা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন, কুমিল্লা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার ফাহাদ আল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রিন্স সরকার, সহকারী পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম সহ পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ।
আরও পড়ুন:








