বৃহস্পতিবার

৩০ এপ্রিল, ২০২৬ ১৭ বৈশাখ, ১৪৩৩

সিরাজগঞ্জ যমুনার চরাঞ্চলে দেশীয় অস্ত্র তৈরির অভিযোগে যুবক গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৩০ এপ্রিল, ২০২৬ ০৩:০০

শেয়ার

সিরাজগঞ্জ যমুনার চরাঞ্চলে দেশীয় অস্ত্র তৈরির অভিযোগে যুবক গ্রেপ্তার
ছবি সংগৃহীত

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার যমুনা নদীর চরাঞ্চল থেকে দেশীয় অস্ত্র তৈরির অভিযোগে মাহবুবুর রহমান দিপু (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে নাটুয়ারপাড়া ইউনিয়নের রেহাইসুরিবেড় গ্রামের মগবাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, আটক দিপু ওই গ্রামের বাসিন্দা এবং সাবেক ইউপি চেয়ারম্যান তোজাম্মেল হকের ছেলে। তার মা সুলতানা হক উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ছিলেন। অভিযোগ অনুযায়ী, তিনি স্থানীয় একটি ওয়ার্কশপের লেদ মেশিনে পাইপগান তৈরি করছিলেন।

কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোহাম্মদ এনায়েতুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে নাটুয়ারপাড়া পুলিশ ফাঁড়ির একটি দল মগবাজার এলাকায় অভিযান চালায়। এ সময় লেদ মেশিনে দেশীয়ভাবে পাইপগান তৈরির কাজ চলছিল বলে সন্দেহ করা হয় এবং সেখান থেকে তাকে আটক করা হয়।

অভিযানে ঘটনাস্থল থেকে একটি চাইনিজ কুড়াল এবং পাইপগান তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। মামলায় গ্রেপ্তার দেখিয়ে মাহবুবুর রহমান দিপুকে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।



banner close
banner close