বৃহস্পতিবার

৩০ এপ্রিল, ২০২৬ ১৭ বৈশাখ, ১৪৩৩

নির্যাতিত শিশু আয়েশার পাশে আইনজীবী নোমান, বিনা পারিশ্রমিকে সহায়তার ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ এপ্রিল, ২০২৬ ১৬:৩২

শেয়ার

নির্যাতিত শিশু আয়েশার পাশে আইনজীবী নোমান, বিনা পারিশ্রমিকে সহায়তার ঘোষণা
ছবি সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক দম্পতির হাতে নির্যাতনের শিকার গৃহকর্মী শিশু আয়েশাকে বিনা পারিশ্রমিকে আইনী সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন অ্যাডভোকেট তারেকুল ইসলাম মৃধা নোমান। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে তিনি বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে, ১০ বছর বয়সী আয়েশাকে গুরুতর শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে ব্রাহ্মণবাড়িয়া শহরের উত্তর মৌড়াইল এলাকার এক চিকিৎসক দম্পতির বিরুদ্ধে। বুধবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় গুরুতর আহত অবস্থায় তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

ভুক্তভোগী আয়েশা জেলার সরাইল উপজেলার পাকশিমুল এলাকার বাসিন্দা রাকিব মিয়ার মেয়ে। পরিবার জানায়, প্রায় ৯ মাস আগে নানার মাধ্যমে তাকে ওই চিকিৎসক দম্পতির বাসায় কাজে দেওয়া হয়। তবে গত তিন মাস ধরে পরিবারের সদস্যরা আয়েশার সঙ্গে যোগাযোগ করতে পারেননি। এ সময় চিকিৎসক দম্পতির পক্ষ থেকে জানানো হয়, আয়েশা নাকি বাড়ি থেকে পালিয়ে গেছে।

পরবর্তীতে মেয়ের কোনো খোঁজ না পেয়ে গত ২৬ এপ্রিল সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে পরিবার। এর প্রেক্ষিতে বুধবার সকালে পুলিশ ওই চিকিৎসক দম্পতির পাশের একটি বাড়ি থেকে আয়েশাকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। পরে সন্ধ্যায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় আইনি লড়াইয়ে ভুক্তভোগী শিশুটির পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়ে অ্যাডভোকেট নোমান বলেন, ন্যায়বিচার নিশ্চিত করতে তিনি বিনা পারিশ্রমিকে সব ধরনের আইনি সহায়তা দেবেন।



banner close
banner close