বৃহস্পতিবার

৩০ এপ্রিল, ২০২৬ ১৭ বৈশাখ, ১৪৩৩

মহানন্দা সেতু টোলমুক্ত করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৩০ এপ্রিল, ২০২৬ ১৬:২২

শেয়ার

মহানন্দা সেতু টোলমুক্ত করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন
ছবি বাংলা এডিশন

চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু (মহানন্দা সেতু) টোলমুক্ত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ১০টায় চাঁপাইনবাবগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জ নাগরিক অধিকার আদায় কমিটি। এতে জেলা সিএনজি চালিত অটোরিকশা, মিশুক ও ট্যাক্সিকার শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, মহানন্দা সেতুতে টোল আদায়ের কারণে সাধারণ মানুষ, শ্রমজীবী ও পরিবহন চালকদের প্রতিনিয়ত অতিরিক্ত ভোগান্তি ও আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে। প্রতিদিন যাতায়াতকারী মানুষদের জন্য এই টোল একটি বড় চাপ হয়ে দাঁড়িয়েছে। তাই দ্রুত সময়ের মধ্যে সেতুটি টোলমুক্ত ঘোষণা করার দাবি জানান তারা।

মানববন্ধনে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ও চাঁপাইনবাবগঞ্জ নাগরিক অধিকার আদায় কমিটির আহ্বায়ক তরিকুল আলম মোল্লা। তিনি বলেন, “বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের নামে নির্মিত এই সেতু জনগণের কল্যাণে ব্যবহারের জন্যই তৈরি। অথচ টোলের কারণে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছে। এটি টোলমুক্ত করা এখন সময়ের দাবি।”

তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, দীর্ঘদিনের এ দাবি দ্রুত বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

এসময় অন্যান্য বক্তারাও বলেন, চাঁপাইনবাবগঞ্জবাসীর ন্যায্য অধিকার আদায়ে এ আন্দোলন চলমান থাকবে। জনগণের স্বার্থে প্রয়োজনে বৃহত্তর আন্দোলন গড়ে তোলারও ঘোষণা দেন তারা।



banner close
banner close