পটুয়াখালী জেলার বিভিন্ন স্থানে বজ্রপাতে এক নারীসহ চারজন নিহত হয়েছেন। পাশাপাশি গত দুই দিনে জেলার বিভিন্ন উপজেলায় অর্ধশতাধিক গরুর মৃত্যুর ঘটনাও ঘটেছে। বুধবার (২৮ এপ্রিল) দিনের বিভিন্ন সময়ে এসব হতাহতের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কলাপাড়া উপজেলার তারিকাটা গ্রামে দুপুর একটার দিকে ভুট্টাক্ষেতে কাজ করার সময় জহির উদ্দিন (২৮) বজ্রপাতে মারা যান। একই উপজেলার পূর্ব চাকামাইয়া গ্রামে দুপুর দুইটার দিকে গরুকে ঘাস খাওয়াতে গিয়ে সেতারা বেগম (৫৫) নিহত হন। একই সময়ে শান্তিপুর গ্রামে মাঠ থেকে গরু নিয়ে ফেরার পথে খালেক হাওলাদার (৫৫) প্রাণ হারান। এছাড়া সকাল নয়টার দিকে রাঙ্গাবালী উপজেলার চরগঙ্গা গ্রামে মাঠে গরু বাঁধতে গিয়ে বজ্রপাতে নিহত হন সৌরভ মজুমদার (২২)।
এদিকে, গত দুই দিনে কলাপাড়া ও রাঙ্গাবালীসহ জেলার বিভিন্ন উপজেলায় বজ্রপাতের ঘটনায় অন্তত ৫০টি গরুর মৃত্যুর খবর পাওয়া গেছে। স্থানীয়দের মতে, বৃষ্টি ও বজ্রপাতের সময় অসচেতনভাবে খোলা স্থানে অবস্থান করায় এসব প্রাণহানির ঘটনা ঘটেছে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, বজ্রপাতে নিহতদের পরিবারের খোঁজখবর নিতে গ্রাম পুলিশ পাঠানো হয়েছে।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সরকারিভাবে নগদ অর্থ, খাদ্য সহায়তা ও ঢেউটিন দেওয়া হবে। এছাড়া যেসব কৃষকের গবাদিপশু মারা গেছে, তাদের তালিকা প্রস্তুত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।
আরও পড়ুন:








