বগুড়ায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে বালুভর্তি একটি ট্রাক থেকে ৮০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
ডিবি সূত্র জানায়, সোমবার (২৮ এপ্রিল) দিবাগত রাত ১১টা ৫৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই শামীম আহমেদের নেতৃত্বে একটি দল বগুড়া সদর উপজেলার বগুড়া-রংপুর মহাসড়কের টিএমএসএস স’মিল অ্যান্ড উডেন ফার্নিচার সেকশনের উত্তর পাশে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে।
এ সময় রংপুর থেকে বগুড়াগামী বালুভর্তি একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৬-৯২৭৬) থামিয়ে তল্লাশি চালানো হয়। ট্রাকটির চালক মো. রবিউল ইসলাম (২৫)কে আটক করা হয়। তিনি দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা।
পরে উপস্থিত সাক্ষীদের সামনে ট্রাকটি তল্লাশি করে বালুর ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা তিনটি প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। এসব বস্তা থেকে ২৫ কেজি, ২৫ কেজি ও ৩০ কেজি করে মোট ৮০ কেজি শুকনা গাঁজা জব্দ করা হয়। এ সময় ট্রাকটিও জব্দ করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি ইকবাল বাহার জানান, এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন:




.jpg)



