সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় নাঈম হোসেন (২৫) নামের এক অটোরিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালে উপজেলার সোনাখাড়া ইউনিয়নের খৈচালা বিলের পাড় থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নাঈম হোসেন উপজেলার ধুবিল ইউনিয়নের মালতীনগর এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে। জীবিকার তাগিদে তিনি রাজমিস্ত্রির কাজের পাশাপাশি অটোরিকশা চালাতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে স্থানীয়রা বিলে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার প্রতিদিনের মতো অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন নাঈম। তবে রাতে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরদিন সকালে তাঁর মরদেহ উদ্ধারের খবর পান তারা।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসনুজ্জামান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আরও পড়ুন:




.jpg)



