বুধবার

২৯ এপ্রিল, ২০২৬ ১৬ বৈশাখ, ১৪৩৩

বিপৎসীমার ওপরে চার নদীর পানি, হাওরে বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ এপ্রিল, ২০২৬ ১২:৫৯

শেয়ার

বিপৎসীমার ওপরে চার নদীর পানি, হাওরে বন্যার শঙ্কা
ছবি সংগৃহীত

উত্তর-পূর্বাঞ্চলের হাওর অববাহিকায় টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। চারটি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

আজ সকাল ৯টার তথ্যানুযায়ী, নেত্রকোনার ভুগাই–কংস নদীর পানি প্রাক-মৌসুমী বিপৎসীমার ৮২ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। একই জেলায় সোমেশ্বরী নদীর পানি বিপৎসীমার ৫০ সেন্টিমিটার এবং মগরা নদীর পানি ২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া মৌলভীবাজারের মনু নদীর পানি প্রাক-মৌসুমী বিপৎসীমার ৭২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

নদীগুলোর পানি বৃদ্ধির ফলে হাওর ও নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড কাজ করছে।

এদিকে টানা বৃষ্টিতে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। সকাল থেকে মালিবাগ, শান্তিনগর, সায়েদাবাদ, শনির আখড়া, পুরান ঢাকা, বংশাল, নাজিমুদ্দিন রোড, ধানমন্ডি, মিরপুর-১৩, হাতিরঝিল, আগারগাঁও থেকে জাহাঙ্গীর গেট সংলগ্ন সড়ক, খামারবাড়ি-ফার্মগেট, তেজগাঁও ট্রাকস্ট্যান্ড, মোহাম্মদপুর, মেরুল বাড্ডা, ডিআইটি প্রজেক্ট এলাকা, ইসিবি ও কালশীসহ বিভিন্ন এলাকায় পানি জমে জনভোগান্তি দেখা দিয়েছে। এতে সড়কে যানবাহন চলাচল ধীরগতির হয়ে পড়ে এবং গণপরিবহনও কম দেখা যায়।

অফিসগামী মানুষ সকাল থেকেই ভোগান্তিতে পড়েন। বৃষ্টির কারণে সড়কে মানুষের উপস্থিতিও তুলনামূলক কম ছিল।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু স্থানে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী, এমনকি অতি ভারী বর্ষণও হতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।



banner close
banner close