বুধবার

২৯ এপ্রিল, ২০২৬ ১৬ বৈশাখ, ১৪৩৩

বরিশালে বজ্রপাতে শিক্ষকসহ আহত ১৬

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ এপ্রিল, ২০২৬ ১২:৪৬

আপডেট: ২৯ এপ্রিল, ২০২৬ ১২:৪৭

শেয়ার

বরিশালে বজ্রপাতে শিক্ষকসহ আহত ১৬
ছবি সংগৃহীত

বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলায় ঝড়ের সময় বজ্রপাতে দুটি মাধ্যমিক বিদ্যালয়ে এক শিক্ষকসহ ১৬ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে ঝোড়ো হাওয়ার সঙ্গে বিকট শব্দে পৃথক দুটি বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

আহতদের দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে রয়েছেন সপ্তম শ্রেণির জান্নাত বেগম, ফাতেমা বেগম দোলা, আমেনা বেগম, সুমাইয়া বেগম; অষ্টম শ্রেণির মীম আক্তার এবং নবম শ্রেণির আফরোজ আক্তার ও সুমাইয়া আক্তারসহ আরও অনেকে।

আহত শিক্ষার্থী দোলা জানায়, হঠাৎ বিকট শব্দে বিদ্যালয়ের ওপর বজ্রপাত হলে শিক্ষকসহ কয়েকজন কিছু বুঝে ওঠার আগেই অজ্ঞান হয়ে পড়ে।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, চরএকরিয়া ইউনিয়নের দাদপুর তেমুহনী মাধ্যমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালে বজ্রপাত হলে ধর্মীয় শিক্ষক মাওলানা ফারুকুল ইসলামসহ আট শিক্ষার্থী জ্ঞান হারান। একই সময়ে আলীমাবাদ ইউনিয়নের পাতাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়েও বজ্রপাতের ঘটনায় আরও আট শিক্ষার্থী আহত হয়।

পাতাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নিজাম উদ্দিন ফকির জানান, বজ্রপাতের তীব্র শব্দে শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়ে। তাদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

মেহেন্দীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুল কাদের বলেন, দাদপুর বিদ্যালয়ের আটজনকে হাসপাতালে নেওয়া হয়েছিল। তবে কেউ দগ্ধ বা গুরুতর আহত হয়নি; বজ্রপাতের শব্দে তারা মূলত আতঙ্কিত হয়ে পড়েছিল। প্রাথমিক চিকিৎসা শেষে সবাই এখন শঙ্কামুক্ত।

ঘটনার পর শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। সংশ্লিষ্টরা বলছেন, কালবৈশাখী মৌসুমে বিদ্যালয়ে বজ্রনিরোধক দণ্ড না থাকায় এ ধরনের ঝুঁকি বাড়ছে।



banner close
banner close