বুধবার

২৯ এপ্রিল, ২০২৬ ১৬ বৈশাখ, ১৪৩৩

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ৩, আহত ১১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ এপ্রিল, ২০২৬ ০৮:০৪

শেয়ার

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ৩, আহত ১১
ছবি সংগৃহীত

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১১ জন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে নাগেশ্বরী পৌরসভার বাঁশেরতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হিল জামান।

নিহতরা হলেন ভুরুঙ্গামারী উপজেলার আসাদমোড় উত্তর তিলাই গ্রামের মনির হোসেনের মেয়ে সাদিয়া (৮), জাহিদুল ইসলামের ছেলে নুরনবী (৩০) এবং ধলডাঙ্গা গ্রামের সাইফুর রহমানের ছেলে লিমন (২৮)। নিহত লিমন মাইক্রোবাসের চালক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ভুরুঙ্গামারীর বঙ্গসোনাহাট স্থলবন্দর থেকে পাথরবোঝাই একটি ট্রাক কুড়িগ্রাম শহরের দিকে যাচ্ছিল। একই সময় রংপুর থেকে ভুরুঙ্গামারীগামী একটি মাইক্রোবাস বাঁশেরতল এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। পরে আহতদের নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে আরও একজনের মৃত্যু হয়।

আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। তাদের মধ্যে গুরুতর আহতদের কুড়িগ্রাম ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়।

ওসি আব্দুল্লাহ হিল জামান জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।



banner close
banner close