ফেনীতে মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে আকস্মিক অস্বাভাবিক ভারী বৃষ্টিপাতে এক ঘণ্টায় ১২৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। স্বল্প সময়ের এ অতিবৃষ্টির ফলে শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে জনজীবন ব্যাহত হয়। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে এ বৃষ্টিপাত হয়েছে।
জেলা আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ফেনীতে মোট বৃষ্টিপাত হয়েছে প্রায় ১৫০ মিলিমিটার, যা চলতি বছরের সর্বোচ্চ। বিশেষজ্ঞদের মতে, এক ঘণ্টায় ১০০ মিলিমিটার বা তার বেশি বৃষ্টিপাত হলে তা ‘ক্লাউডবার্স্ট’ হিসেবে বিবেচিত হয়, যা স্বল্প এলাকায় দ্রুত পানি জমে পরিস্থিতি জটিল করে তোলে।
বৃষ্টির কারণে শহরের ডাক্তারপাড়া, শহীদ শহিদুল্লাহ কায়সার সড়ক, নাজির রোড, মিজান রোড এবং সদর হাসপাতাল মোড়সহ বিভিন্ন এলাকায় পানি জমে যায়। নিচু সড়কগুলো পানির নিচে তলিয়ে গিয়ে যান চলাচলে বিঘ্ন ঘটে। অনেক দোকানপাটে পানি ঢুকে পড়ায় ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়েছেন।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, বায়ুমণ্ডলে অতিরিক্ত আর্দ্রতা জমে দ্রুত উপরে উঠে ঠাণ্ডা হয়ে ঘনীভূত হলে স্বল্প সময়ের মধ্যে প্রবল বৃষ্টিপাত হতে পারে। সাম্প্রতিক সময়ে জলবায়ু পরিবর্তনের কারণে এ ধরনের চরম আবহাওয়ার ঘটনা বৃদ্ধি পাচ্ছে বলে তারা উল্লেখ করেন।
এ ধরনের পরিস্থিতির নির্দিষ্ট পূর্বাভাস দেওয়া কঠিন হলেও আধুনিক প্রযুক্তির মাধ্যমে আগাম সতর্কতা উন্নত করা সম্ভব বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তারা নগর এলাকায় কার্যকর ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা এবং জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন।
আরও পড়ুন:








