মঙ্গলবার

২৮ এপ্রিল, ২০২৬ ১৫ বৈশাখ, ১৪৩৩

দেশজুড়ে খাল পুনঃখনন: ৫৪ জেলায় কাজ, অগ্রগতি ২৫% ছাড়িয়েছে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ এপ্রিল, ২০২৬ ১০:৩৭

শেয়ার

দেশজুড়ে খাল পুনঃখনন: ৫৪ জেলায় কাজ, অগ্রগতি ২৫% ছাড়িয়েছে
ছবি সংগৃহীত

দেশের কৃষি, পানি ব্যবস্থাপনা ও পরিবেশ পুনরুদ্ধারের লক্ষ্যে ২০২৬ সালের মার্চ থেকে শুরু হওয়া খাল পুনঃখনন কর্মসূচির আওতায় বর্তমানে ৫৪টি জেলায় একযোগে কাজ চলছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন বা পুনঃখনন করা হবে। ইতোমধ্যে কর্মসূচির সামগ্রিক অগ্রগতি ২৫ শতাংশের বেশি হয়েছে এবং প্রথম ছয় মাসে প্রায় ১২০০ কিলোমিটার কাজ সম্পন্নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

প্রকল্প বাস্তবায়ন সংশ্লিষ্টরা জানান, দীর্ঘদিন অবহেলা, দখল ও নাব্যতা সংকটে দেশের বহু খাল ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে। এর ফলে কৃষি উৎপাদন, সেচব্যবস্থা, মাছ উৎপাদন এবং গ্রামীণ যোগাযোগ ব্যবস্থায় নেতিবাচক প্রভাব পড়ে। এ পরিস্থিতি মোকাবিলায় দেশব্যাপী সমন্বিতভাবে খাল পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে জলাবদ্ধতা নিরসন, সেচ সুবিধা বৃদ্ধি, নৌ-চলাচল সহজীকরণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করা যায়।

দিনাজপুরের কাহারোল উপজেলার সাহাপাড়া খালের ১২ দশমিক ২ কিলোমিটার অংশ পুনঃখননের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়। পরবর্তীতে যশোরের শার্শা উপজেলার উলশী-যদুনাথপুর খালসহ দেশের বিভিন্ন অঞ্চলে ধারাবাহিকভাবে প্রকল্প বাস্তবায়ন শুরু হয়।

গাজীপুর জেলার কালিয়াকৈর, শ্রীপুর ও টঙ্গী-গাছা এলাকায় একাধিক খাল খনন প্রকল্প চলমান রয়েছে। এর মধ্যে প্রায় ১২ কিলোমিটার দীর্ঘ গাছা খাল পুনঃখননে ব্যয় ধরা হয়েছে ৮৪৫ লাখ টাকা। সংশ্লিষ্টরা জানিয়েছেন, এসব প্রকল্পের অগ্রগতি প্রায় ২৫ শতাংশ এবং কাজ শেষ হলে জলাবদ্ধতা নিরসন ও কৃষি উৎপাদনে ইতিবাচক প্রভাব পড়বে।

সিলেট অঞ্চলে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) তত্ত্বাবধানে খাল ও নদী খনন কার্যক্রম চলছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এ অঞ্চলে অগ্রগতি প্রায় ২০ শতাংশ। বাসিয়া নদীর প্রায় ২৩ কিলোমিটার অংশ খননে ১২ কোটি টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছে।

নওগাঁ সদর উপজেলায় দুটি খাল পুনঃখনন প্রকল্প বাস্তবায়ন হচ্ছে, যেখানে মোট ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৬০ লাখ টাকা। ফরিদপুর জেলার সদরপুর ও ভাঙ্গা উপজেলায় চারটি খাল খনন প্রকল্পে ব্যয় নির্ধারণ করা হয়েছে ৫ কোটি ৭৮ লাখ টাকা এবং অগ্রগতি ২০ শতাংশের বেশি।

নোয়াখালীর পেটকাটা খালের ১০ কিলোমিটার পুনঃখনন প্রকল্পে প্রায় ৮০ লাখ টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে প্রায় ৩০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট প্রকৌশলী।

মাগুরা জেলায় ১৬টি খাল পুনঃখনন প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। এর মধ্যে প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ একটি খালে ৩ কোটি ৮৬ লাখ টাকা ব্যয়ে কাজ চলছে এবং জুন মাসের মধ্যে এসব প্রকল্প শেষ করার লক্ষ্য রয়েছে।

রাজশাহীর পুঠিয়া ও গোদাগাড়ী উপজেলায় খাল খনন কার্যক্রম অব্যাহত রয়েছে। পাশাপাশি লক্ষ্মীপুরে ২ কোটি ৮৪ লাখ টাকা ব্যয়ে একটি সংযোগ খাল পুনঃখননের কাজ চলছে।

তবে সব জেলায় কাজ সমান গতিতে এগোচ্ছে না। ময়মনসিংহ জেলায় ১১টি খাল খননের পরিকল্পনা থাকলেও বরাদ্দ না পাওয়ায় এখনো কাজ শুরু হয়নি। জেলা প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, বাজেট পাওয়া গেলে দ্রুত কাজ শুরু করা হবে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, খাল পুনঃখনন প্রকল্প বাস্তবায়িত হলে পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, বন্যা নিয়ন্ত্রণ, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং স্থানীয় জীবিকার উন্নয়ন ঘটবে। একই সঙ্গে দেশীয় মাছের উৎপাদন বাড়ানো ও পরিবেশগত ভারসাম্য রক্ষায়ও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।



banner close
banner close