ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের গদারডাঙ্গী গ্রামে এক যুবকের কোদাল হামলায় দাদি ও ফুপুসহ তিনজন নিহত হয়েছেন। সোমবার (২৮ এপ্রিল) রাত ৯টার দিকে ঘটে যাওয়া এই নৃশংস ঘটনার পর অভিযুক্ত আকাশ মোল্লা (২৫)কে গ্রেফতার করেছে পুলিশ।
ফরিদপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে জেলা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। প্রাথমিক তদন্তে জানা গেছে, আকাশ মোল্লা মানসিকভাবে অসুস্থ। সে প্রথমে তার দাদি ও ফুপুকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করে। এ সময় চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে আরও একজনকে কুপিয়ে হত্যা করে এবং আরেকজনকে গুরুতর জখম করে পালিয়ে যায়।
ঘটনার পরপরই অভিযুক্তকে ধরতে অভিযান শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার (২৯ এপ্রিল) ভোর ৬টার দিকে বাড়ির পাশের একটি কলাবাগান থেকে তাকে আটক করা হয়। কোতোয়ালি থানা পুলিশ ও র্যাব-১০ এর যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা কোদাল উদ্ধার করা হয়েছে।
নিহতরা হলেন—আমেনা বেগম (৭৫), রাহেলা বেগম (৫০) এবং প্রতিবেশী কাবুল (৪৫)। আহত রিয়াজ মোল্লা (৪৫)কে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ সুপার আরও জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। পরিবারের সদস্যদের হাতে এমন মর্মান্তিক হত্যাকাণ্ডে এলাকায় আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে।
আরও পড়ুন:








