মঙ্গলবার

২৮ এপ্রিল, ২০২৬ ১৪ বৈশাখ, ১৪৩৩

পিরোজপুরে ভাতিজাদের পিটুনিতে চাচার মৃত্যু; আটক দুই

পিরোজপুর প্রতিনিধি:

প্রকাশিত: ২৮ এপ্রিল, ২০২৬ ০০:১৮

শেয়ার

পিরোজপুরে ভাতিজাদের পিটুনিতে চাচার মৃত্যু; আটক দুই
ছবি: সংগৃহীত

পিরোজপুর সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে স্থানীয় গ্রাম পুলিশের উপস্থিতিতে ভাতিজাদের পিটুনিতে মানিক সরদার নামে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছে। নিহত মানিক সরদার উপজেলার পূর্ব দুর্গাপুর এলাকার মৃত ছবেদ আলী সরদারের ছেলে।

রবিবার রাত সাড়ে ৮টার দিকে মানিক সরদারের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মানিক সরদারের সঙ্গে তার ভাইদের জমিজমা নিয়ে বিরোধ চলছিল এবং এ নিয়ে আদালতে মামলাও চলমান রয়েছে। এরই জেরে রবিবার রাতে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে অভিযুক্তরা তার ওপর হামলা চালায়।

নিহতের পরিবারের দাবি, ঘটনার দিন রাতে মানিক সরদার ও তার ছেলে মেহেদীকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় তার ভাইপো রাব্বি সরদার, আজিম সরদার, সাইফুল ইসলাম মৃধা, প্রতিবেশী রবিন শেখ ও সজিব। প্রথমে তাদের মারধর করা হয় মানিকের নিজ বাড়িতে। পরে মানিক সরদার ও তার ছেলে মেহেদীকে মজিবুর সরদারের বাড়িতে নিয়ে গিয়ে দ্বিতীয় দফায় মারধর করা হয়।

এ সময় স্বামী ও ছেলেকে রক্ষা করতে এগিয়ে গেলে মানিক সরদারের স্ত্রী ফরিদা বেগমকেও মারধর করা হয়। একপর্যায়ে গুরুতর আহত হয়ে মানিক সরদার অচেতন হয়ে পড়েন। পরে তাকে বাড়িতে ফেলে রেখে অভিযুক্তরা পালিয়ে যায়। কিছু সময় পর তার মৃত্যু হয়।

এ ঘটনায় পূর্ব দুর্গাপুর গ্রামের নুরু মৃধার ছেলে সাইফুল ইসলাম মৃধা (২৭), মজিবুর সরদারের ছেলে রাব্বি সরদার, মতি সরদারের ছেলে আজিম সরদার (২৭) এবং হিরন শেখের ছেলে রবিন শেখের নাম অভিযোগে উঠে এসেছে।

নিহতের পরিবারের অভিযোগ, ঘটনার সময় ইউনিয়নের চৌকিদার শেখ মিকচান ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তার উপস্থিতিতেই মারধরের ঘটনা ঘটে।

নিহতের মেয়ে তামান্না আক্তার বন্যা কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার আব্বাকে পিটাইতে পিটাইতে শেষ করে ফেলছে। কেউ ঠেকাতে আসেনি। রাতে আব্বা ডাক দিলে গিয়ে দেখি তিনি ঠিকমতো শ্বাস নিতে পারছেন না। আব্বা বলছিলেন, ডাক্তার দেখাতে নিলে তিনি বাঁচবেন। কিন্তু কেউ তাকে হাসপাতালে নেয়নি।”

তিনি আরও অভিযোগ করেন, “কবর দেয়ার সময়ও আমার ভাইকে হুমকি দেয়া হয়েছে। এর আগেও আমাদের চারটি গরু বিষ খাইয়ে মেরে ফেলা হয়েছিল।”

নিহত মানিক সরদারের ছেলে মেহেদী বলেন, “আমাকে ও আমার বাবাকে চাচা মজিবুর সরদারের বাড়িতে নিয়ে গিয়ে সাইফুল, রাব্বি, আজিম, সজিব ও রবিন এলোপাতাড়ি মারধর করে। একপর্যায়ে বাবা অচেতন হয়ে পড়েন। পরে তারা তাকে বাড়িতে রেখে পালিয়ে যায়।”

স্থানীয়দের একটি অংশ জানান, জমিজমা বিরোধের পাশাপাশি সম্প্রতি স্থানীয় শাহজাহানের গরু চুরির ঘটনায় মেহেদীকে সন্দেহ করা হয়। এ বিষয়টিও ঘটনার পেছনে ভূমিকা রাখতে পারে।

৩ নম্বর দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নোমান মৃধা বলেন, “জমিজমা সংক্রান্ত বিরোধের পাশাপাশি গরু চুরির সন্দেহ নিয়েও বিরোধ চলছিল। বিষয়টি তদন্তে প্রকৃত কারণ বেরিয়ে আসবে।”

খবর পেয়ে পিরোজপুর সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান আজ সোমবার রাতে এই প্রতিবেদককে বলেন, “এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।”



banner close
banner close