চট্টগ্রামের মিরসরাইয়ে দাফনের ২৩ দিন পর আদালতের নির্দেশে এয়ার আহম্মদ (৪৫) নামে এক ব্যক্তির লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন কাদেরের নেতৃত্বে এবং ফেনী মডেল থানা পুলিশের উপস্থিতিতে এ কার্যক্রম পরিচালিত হয়।
নিহত এয়ার আহম্মদের বাড়ি মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের দক্ষিণ-পশ্চিম জোয়ার গ্রামে।
মামলার বিবরণে জানা যায়, গত ৩ এপ্রিল রাতে অসুস্থ স্ত্রীকে দেখতে ফেনী জেলার লেমুয়া ইউনিয়নের নেয়াজপুর এলাকায় শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন তিনি। রাত প্রায় ১১টার দিকে শ্বশুরবাড়ির সামনে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরদিন ভোরে লাশ গ্রামের বাড়িতে এনে দাফন করা হয়।
ঘটনাটি রহস্যজনক মনে হওয়ায় নিহতের স্ত্রী খতিজা বেগম গত ৭ এপ্রিল ফেনী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
খতিজা বেগম অভিযোগ করেন, নেয়াজপুর গ্রামের কামাল হোসেনসহ কয়েকজন তার স্বামীকে পিটিয়ে হত্যা করেছে। তিনি জানান, প্রথমে বিষয়টি স্পষ্ট না হওয়ায় এবং আসামিদের হুমকির কারণে লাশ দাফন করা হয়। পরে প্রধান আসামি কামাল হোসেনের নাম উল্লেখ করে তিনজনকে আসামি এবং অজ্ঞাত আরও ৩–৪ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়।
তিনি আরও জানান, মামলার পর পুলিশ প্রধান আসামি কামাল হোসেনকে গ্রেপ্তার করেছে। পরবর্তীতে আদালতে লাশ উত্তোলনের আবেদন করলে তা মঞ্জুর হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন কাদের বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী কাটাগাং কবরস্থান থেকে লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পুনরায় দাফন করা হবে।
আরও পড়ুন:




.jpg)



