শনিবার

২৯ আগস্ট, ২০২৬ ১৪ ভাদ্র, ১৪৩৩

মালয়েশিয়া পাচারচেষ্টা নস্যাৎ: টেকনাফে ৬৯ রোহিঙ্গা উদ্ধার, আটক ৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ এপ্রিল, ২০২৬ ২২:২৮

শেয়ার

মালয়েশিয়া পাচারচেষ্টা নস্যাৎ: টেকনাফে ৬৯ রোহিঙ্গা উদ্ধার, আটক ৩
ছবি সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে সাগরপথে মালয়েশিয়ায় পাচারের প্রস্তুতিকালে অভিযান চালিয়ে নারী-শিশুসহ ৬৯ জন রোহিঙ্গা নাগরিককে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মানবপাচার চক্রের তিন সদস্যকে আটক করা হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) বিকেলে টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, ভোর সাড়ে ৪টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালী পাড়ায় একটি গোপন আস্তানায় পাচারের উদ্দেশ্যে লোকজন জড়ো করার খবর পেয়ে অভিযান চালানো হয়।

বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে ৮ থেকে ১০ জন পাচারকারী পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে তিনজনকে আটক করা হয়। এ সময় আস্তানা থেকে ৫ জন পুরুষ, ২০ জন নারী এবং ৩৩ জন শিশুসহ মোট ৫৮ জন রোহিঙ্গাকে উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে একটি অটোরিকশা ও দুটি খালি গ্যাস সিলিন্ডার জব্দ করা হয়েছে।

পরে বিকেলে টেকনাফ সদর নাজিরপাড়া এলাকায় পৃথক আরেকটি অভিযানে আরও ১১ জন রোহিঙ্গাকে আটক করা হয়। তাদের মধ্যে ৪ জন নারী ও ৭ জন শিশু রয়েছে।

উদ্ধার হওয়া রোহিঙ্গাদের সবাই মিয়ানমারের নাগরিক এবং উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা বলে জানিয়েছেন বিজিবির এই কর্মকর্তা। যাদের বৈধ নিবন্ধন কার্ড রয়েছে তাদের সংশ্লিষ্ট ক্যাম্পে ফেরত পাঠানো হবে। আর যাদের কোনো পরিচয়পত্র নেই, তাদের মিয়ানমারে ফেরত পাঠানোর প্রক্রিয়া নেওয়া হচ্ছে।

আটক পাচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।



আরও পড়ুন: