সোমবার

২৭ এপ্রিল, ২০২৬ ১৪ বৈশাখ, ১৪৩৩

নীলফামারীর ডিমলায় ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত

নীলফামারী প্রতিনিধি

প্রকাশিত: ২৭ এপ্রিল, ২০২৬ ১৯:৩২

শেয়ার

নীলফামারীর ডিমলায় ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত
ছবি: সংগৃহীত

নীলফামারীর ডিমলা উপজেলায় ট্রাকের ধাক্কায় আরবি আকতার নামে নবম শ্রেণির এক স্কুলছাত্রী নিহত হয়েছে। আজ সোমবার দুপুর ১টার দিকে উপজেলার সর্দারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরবি আকতার উপজেলার সদর ইউনিয়নের কুটিরডাঙ্গা বগুড়াপাড়া গ্রামের আমিনুর ইসলামের মেয়ে। সে ডিমলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে স্কুল ছুটির পর বাইসাইকেলে করে বাড়ি ফিরছিল আরবি। পথে সর্দারহাট এলাকায় পৌঁছালে একটি ট্রাক তার বাইসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে সে ছিটকে পড়ে গুরুতর আহত হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে রংপুর নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ডিমলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার বিষয়টি নিশ্চিত করে জানান এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।



banner close
banner close