জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এক ব্যক্তিকে ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) উপজেলার মনঝার বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।
আদালত সূত্রে জানা যায়, অভিযানে ৪ পিস নেশাজাতীয় ট্যাবলেটসহ মো. গোলাম কিবরিয়া (৩৬) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি উপজেলার দাশড়া ঘুঘোইল গ্রামের মৃত রস্তম আলীর ছেলে। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাকে দোষী সাব্যস্ত করা হয়।
মামলার বিবরণ অনুযায়ী, অপরাধের গুরুত্ব বিবেচনায় তাকে ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় অভিযুক্তের পরিবারের সদস্যরা তার বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুলে সাজা বাড়ানোর জন্য বিচারকের কাছে আবেদন জানান।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ক্ষেতলাল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুর রউফ। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন এসআই মো. আব্দুল মজিদ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুর রউফ বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী দোষী সাব্যস্ত করে ওই ব্যক্তিকে দণ্ড দেওয়া হয়েছে। জনস্বার্থে এবং এলাকায় মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন:








