পিরোজপুর পৌরসভার মাছিমপুর জামাইপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে গাঁজার ৮টি গাছ উদ্ধার এবং মাদকসেবনরত অবস্থায় দুই যুবককে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। রোববার (২৬ এপ্রিল) রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, সদর থানার একটি বিশেষ টিম ওই এলাকায় অভিযান চালিয়ে ভাড়া বাসার পাশের বাগান থেকে গাঁজার ৮টি গাছ উদ্ধার করে। একই সময় ঘটনাস্থল থেকে দুইজনকে মাদকসেবনরত অবস্থায় হাতেনাতে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন রিফাত (২৬), তিনি অবসরপ্রাপ্ত সেনাসদস্য মো. আউয়াল হাওলাদারের ছেলে এবং মো. আল আমিন (২৯), যিনি ওই বাসার ভাড়াটিয়া। অভিযানের সময় উপস্থিত পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামতও জব্দ করেন।
অভিযানের দায়িত্বে থাকা এসআই রাধা রমন জানান, আল আমিন তার ভাড়া বাসার পাশের বাগানে নিজ হাতে গাঁজার গাছগুলো রোপণ করেছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। একই সঙ্গে তিনি গাঁজা সেবনের বিষয়টিও স্বীকার করেছেন।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান আজ সোমবার সকালে বলেন, গ্রেফতারদের জব্দকৃত আলামতসহ থানায় আনা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।
আরও পড়ুন:

.jpg)






