সোমবার

২৭ এপ্রিল, ২০২৬ ১৩ বৈশাখ, ১৪৩৩

শাহজাদপুরে এক শিশুকে ধর্ষণ, তিনজনকে যৌন হয়রানির অভিযোগে মামলা

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৬ এপ্রিল, ২০২৬ ২২:৪৯

শেয়ার

শাহজাদপুরে এক শিশুকে ধর্ষণ, তিনজনকে যৌন হয়রানির অভিযোগে মামলা
ছবি সংগৃহীত

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় চার শিশুকে আম খাওয়ানোর কথা বলে ডেকে নিয়ে এক শিশুকে ধর্ষণ ও অপর তিন শিশুকে যৌন হয়রানির অভিযোগে এক যুবকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। গত ২১ এপ্রিল দুপুর ১২টার দিকে উপজেলার পৌর এলাকার বাড়াবিল গ্রামে এ ঘটনা ঘটে। রোববার (২৬ এপ্রিল) ধর্ষিত শিশুর মা বাদী হয়ে শাহজাদপুর থানায় মামলাটি করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, স্থানীয় জামায়াত কর্মী আবদুল হাইয়ের ছেলে ও বিবাহিত কলেজ পড়ুয়া সজিব হোসেন (২৫) ওই চার শিশুকে আম দেওয়ার কথা বলে নিজের বাড়ির একটি কক্ষে ডেকে নেন। সেখানে তিনি দরজা বন্ধ করে শিশুদের বিছানায় একটি চাদর দিয়ে ঢেকে দেন। পরে তাদের গোপন অঙ্গে হাত দেন। শিশুরা বাধা দিলে তিনি তাদের হত্যার হুমকি দেন। তিন শিশুকে অন্য একটি কক্ষে আটকে রেখে তিনি একজন শিশুকে (১২) জোরপূর্বক ধর্ষণ করেন। সব শিশুকে ঘটনা ফাঁস করলে তাদের পরিবারের সবাইকে মেরে ফেলার হুমকিও দেন তিনি।

ভুক্তভোগী শিশুরা জানায়, বাড়ি ফিরে ধর্ষিত শিশুটি তার মাকে সব খুলে বলে। এরপর মা ও পরিবারের লোকজন সজিবের বাবা আবদুল হাইয়ের কাছে বিচার চাইলে তিনি উল্টো তাদের ভয়ভীতি দেখান। পরে শনিবার (২৫ এপ্রিল) স্থানীয়রা বিষয়টি জানতে পেরে রোববার সকালে গ্রামে শালিস বৈঠকের আয়োজন করেন। ওই শালিসে অনুপস্থিত থেকে আবদুল হাই ও তার ছেলে সজিব অভিযোগকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক দাবি করেন। এতে বৈঠকটি পণ্ড হয়ে যায়। বৈঠকে উপস্থিত সবার পরামর্শে মামলাটি দায়ের করেন ভুক্তভোগীর মা।

নির্যাতিত শিশুদের অভিভাবকরা সজিবের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা হয়েছে। আগামীকাল সোমবার (২৭ এপ্রিল) নির্যাতিত শিশুটির শারীরিক পরীক্ষার জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। প্রধান আসামি সজিব হোসেনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।



banner close
banner close