শনিবার

২৫ এপ্রিল, ২০২৬ ১২ বৈশাখ, ১৪৩৩

টঙ্গীতে ফুটপাত দখলের অভিযোগ স্বেচ্ছাসেবী সংগঠনের নেতা ফুয়াদের বিরুদ্ধে

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৫ এপ্রিল, ২০২৬ ২১:৫৩

শেয়ার

টঙ্গীতে ফুটপাত দখলের অভিযোগ স্বেচ্ছাসেবী সংগঠনের নেতা ফুয়াদের বিরুদ্ধে
ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে ফুটপাত দখল করে দোকান বসানো ও চাঁদাবাজির অভিযোগ উঠেছে বাংলাদেশ ইয়ুথ রেভল্যুশনের কেন্দ্রীয় আহ্বায়ক ফাহাদ ইসলাম ফুয়াদের বিরুদ্ধে।

সম্প্রতি এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

ভিডিওতে দেখা যায়, টঙ্গীর সফিউদ্দিন সরকার একাডেমির সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশের ফুটপাতে নিজ উদ্যোগে দোকান বসাচ্ছেন ফুয়াদ। এ সময় তার সংগঠনের কয়েকজন নেতাকর্মীকেও সেখানে উপস্থিত থাকতে দেখা যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকায় ইতোমধ্যে তিনটি দোকান বসানো হয়েছে এবং এসব দোকান থেকে নিয়মিতভাবে চাঁদা আদায় করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

এলাকাবাসীর দাবি, ফুটপাত দখলের কারণে পথচারীদের চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে এবং প্রতিদিনই ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ।

এদিকে "স্টুডেন্ট পানিপুরি" নামের একটি দোকানের কর্ণধার উজ্জ্বল ওই স্থান থেকে নিয়মিত অর্থ উত্তোলনের সঙ্গে জড়িত বলে অভিযোগ উঠেছে।

উল্লেখ্য, কিছুদিন আগে গাজীপুর সিটি করপোরেশনের উদ্যোগে অবৈধ ফুটপাত দখল উচ্ছেদে অভিযান চালালেও, অভিযানের পর আবারও আগের মতো দখল শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

অভিযোগের বিষয়ে ফাহাদ ইসলাম ফুয়াদের বক্তব্য জানার চেষ্টা করা হলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফুর রহমান বলেন, সরকারি জায়গা দখল করে অবৈধভাবে কেউ দোকান বসাতে পারে না। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।

গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী জোন-১ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.জহিরুল ইসলাম জানান, অবৈধ ফুটপাত দখলমুক্ত করতে তাদের অভিযান অব্যাহত রয়েছে এবং শিগগিরই প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।



banner close
banner close