শনিবার

২৫ এপ্রিল, ২০২৬ ১২ বৈশাখ, ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে মেডিকেল কলেজের দাবিতে গণসমাবেশ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৫ এপ্রিল, ২০২৬ ২১:৪৬

শেয়ার

চাঁপাইনবাবগঞ্জে মেডিকেল কলেজের দাবিতে গণসমাবেশ
ছবি: বাংলা এডিশন

চাঁপাইনবাবগঞ্জে একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠার দাবিতে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) বিকেলে শিবগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদ মোড়ে এ সমাবেশের আয়োজন করা হয়।

উপজেলা শিল্প ও বণিক সমিতির সভাপতি আলহাজ্ব মো. ইউসুফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে স্বাগত বক্তব্য দেন শিবগঞ্জ উন্নয়ন ফোরামের আহ্বায়ক জহিরুল কাইউম বাবর।

সমাবেশে বক্তব্য দেন জুলাই যোদ্ধা আল বাশরী সোহান, অধ্যাপক আবুল বাশার, সুজন শিবগঞ্জ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ও জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি এ কে এস রোকন, সত্রাজিতপুর ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মো. নুরুল ইসলামসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে চাঁপাইনবাবগঞ্জ বিভিন্ন ক্ষেত্রে বৈষম্যের শিকার হয়ে আসছে। দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর সোনামসজিদ থাকা সত্ত্বেও চার লেন সড়কের দাবি উপেক্ষিত হয়েছে এবং নামমাত্র সড়ক সম্প্রসারণ করা হয়েছে, যা দুর্বল নেতৃত্বের ফল বলে তারা মন্তব্য করেন।

তারা আরও বলেন, সারাদেশে আটটি জেলায় মেডিকেল কলেজ স্থাপনের উদ্যোগ নেওয়া হলেও চাঁপাইনবাবগঞ্জকে এ তালিকার বাইরে রাখা হয়েছে, যা অত্যন্ত হতাশাজনক। ভৌগোলিক দিক বিবেচনায় জেলার মধ্যবর্তী উপজেলা হওয়ায় শিবগঞ্জে একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ স্থাপনের জোর দাবি জানান বক্তারা।

চাঁপাইনবাবগঞ্জের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়ে সভাপতি সমাবেশের সমাপ্তি ঘোষণা করেন।



banner close
banner close