শনিবার

২৫ এপ্রিল, ২০২৬ ১২ বৈশাখ, ১৪৩৩

স্ত্রীর তালাকের অভিমানে শরীরে আগুন, স্বামীর মৃত্যু

বিশেষ প্রতিনিধি বগুড়া

প্রকাশিত: ২৫ এপ্রিল, ২০২৬ ১৬:০২

শেয়ার

স্ত্রীর তালাকের অভিমানে শরীরে আগুন, স্বামীর মৃত্যু
ছবি সংগৃহীত

বগুড়ার শাজাহানপুর উপজেলায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের জেরে নজরুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তি শরীরে পেট্রোল ঢেলে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। গুরুতর দগ্ধ অবস্থায় হাসপাতালে নেওয়ার পর ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

শুক্রবার (২৪ এপ্রিল) বাদ আসর উপজেলার আড়িয়া ইউনিয়নের বারআঞ্জুল গ্রামের মাছির বাজার মসজিদের সামনে পাকা সড়কে এ ঘটনা ঘটে। স্থানীয় মুসল্লিরা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে রাতেই উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার উদ্দেশ্যে রওনা দেন স্বজনরা। তবে পথে রাত সোয়া ১১টার দিকে তার মৃত্যু হয়।

স্থানীয় ইউপি সদস্য ঝর্ণা বেগম জানান, নজরুল ইসলাম বগুড়া শহর থেকে এসে বারআঞ্জুল গ্রামের বাসিন্দা বাচ্চু মিয়ার একমাত্র মেয়েকে বিয়ে করে দীর্ঘদিন ঘরজামাই হিসেবে বসবাস করছিলেন। তাদের সংসারে দুই ছেলে সন্তান রয়েছে। তিনি শাহ ফতেহ আলী পরিবহনে সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন। পারিবারিক খরচ যথাযথভাবে না দেওয়া এবং বিভিন্ন কারণে স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর আগে দুইবার তাদের বিবাহ বিচ্ছেদ হলেও পরে আবার একত্রে বসবাস শুরু করেন। সর্বশেষ স্ত্রীর পক্ষ থেকে তালাক দেওয়ার পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েন।

শাজাহানপুর থানার এসআই গোলাম মোস্তফা বলেন, স্থানীয়দের তথ্য অনুযায়ী নজরুল ইসলাম জুয়া খেলা ও ধার-দেনার কারণে মানসিক চাপে ছিলেন। স্ত্রীর সঙ্গে নিয়মিত বিরোধের একপর্যায়ে তালাকের ঘটনায় তিনি চরম অভিমান থেকে এ পথ বেছে নেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলেও শেষ পর্যন্ত তার মৃত্যু হয়।

এ ঘটনায় আইনগত প্রক্রিয়া গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।



আরও পড়ুন:

banner close
banner close