শনিবার

২৫ এপ্রিল, ২০২৬ ১২ বৈশাখ, ১৪৩৩

অবশেষে বাঁশখালীতে ধর্ষণ মামলার আসামি আরিফ উল্লাহ র‌্যাব-৭-এর অভিযানে গ্রেফতার

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:

প্রকাশিত: ২৫ এপ্রিল, ২০২৬ ১৩:২৩

শেয়ার

অবশেষে বাঁশখালীতে ধর্ষণ মামলার আসামি আরিফ উল্লাহ র‌্যাব-৭-এর অভিযানে গ্রেফতার
ছবি সংগৃহীত

চট্টগ্রামের বাঁশখালী থানার একটি ধর্ষণ মামলার এজাহারনামীয় প্রধান পলাতক আসামি আরিফ উল্লাহ (২৫)কে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭ ঘটিকার সময় চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে শাহ আমানত সুপার মার্কেটের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।

র‌্যাব-৭-এর মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার এ. আর. এম. মোজাফ্ফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

র‌্যাব সূত্রে জানা যায়, বাঁশখালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯(১) ধারায় দায়ের করা একটি মামলায় (মামলা নং-১৪, তারিখ: ১৪ এপ্রিল ২০২৬) তিনি এজাহারনামীয় প্রধান আসামি হিসেবে পলাতক ছিলেন।

এর পূর্বে, গত ১৭ এপ্রিল সংবাদমাধ্যম 'বাংলা এডিশন'-এ “বাঁশখালীতে কিশোরীকে দোকানে আটকে ধর্ষণ: অভিযুক্ত পলাতক, নিরাপত্তাহীনতায় ভুগছে ভুক্তভোগী পরিবার” শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে মামলার বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। অবশেষে অভিযান চালিয়ে র‌্যাব-৭ আসামীকে গ্রেফতার করে।

এছাড়া, অভিযোগ অনুযায়ী গত ১০ এপ্রিল দিবাগত রাতে পূর্ব চাম্বল এলাকার সাতঘর পাড়া এলাকায় ঘটনাটি ঘটে। পরবর্তীতে ভুক্তভোগীর পিতা বাদী হয়ে বাঁশখালী থানায় মামলা দায়ের করেন। তদন্তে অভিযুক্ত আরিফ উল্লাহকে শনাক্ত করে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারের পর আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাব-৭-এর মিডিয়া কর্মকর্তা এ. আর. এম. মোজাফ্ফর হোসেন।



banner close
banner close