টানা ভারি বৃষ্টিপাতের পূর্বাভাসে সুনামগঞ্জের হাওড় এলাকায় আকস্মিক বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে হাওড়ের পাকা ধান দ্রুত কাটার জন্য কৃষকদের নির্দেশ দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। শুক্রবার দুপুরে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও বৈশ্বিক আবহাওয়া সংস্থাগুলোর আগামী সাত দিনের (২৩ থেকে ৩০ এপ্রিল) পূর্বাভাস অনুযায়ী দেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওড় অববাহিকা ও উজানে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে। এর মধ্যে ২৪ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত হালকা থেকে মাঝারি, ২৭ এপ্রিল মাঝারি থেকে ভারি এবং ২৮ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, হাওড় অববাহিকার প্রধান নদী সুরমা-কুশিয়ারা, ধনু-বাউলাই ও ভুগাই-কংসসহ অন্যান্য উপনদীর পানি সমতল বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। বিশেষ করে ২৮ এপ্রিল থেকে কিছু স্থানে এসব নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ার আশঙ্কা রয়েছে।
বর্তমানে সুনামগঞ্জ শহরের ষোলঘর পয়েন্টে সুরমা নদীর পানি সমতল বিপৎসীমার ১ দশমিক ৭৬ মিটার (৫ দশমিক ৭৭ ফুট) নিচে অবস্থান করছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। তবে পূর্বাভাস অনুযায়ী পানি বৃদ্ধি অব্যাহত থাকলে ২৮ এপ্রিল থেকে জেলায় আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।
এমন পরিস্থিতিতে হাওড়ের বোরো ফসল ক্ষতির ঝুঁকি রয়েছে জানিয়ে যেসব জমির প্রায় ৮০ শতাংশ ধান পেকে গেছে, সেসব জমির ধান দ্রুত কেটে নিরাপদে সংরক্ষণের জন্য কৃষকদের বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
আরও পড়ুন:








