শুক্রবার

২৪ এপ্রিল, ২০২৬ ১০ বৈশাখ, ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ছাত্রদল নেতাসহ নিহত দুই, আহত অন্তত চার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ২৩ এপ্রিল, ২০২৬ ২৩:৫১

আপডেট: ২৩ এপ্রিল, ২০২৬ ২৩:৫৩

শেয়ার

ব্রাহ্মণবাড়িয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ছাত্রদল নেতাসহ নিহত দুই, আহত অন্তত চার
ছবি: বাংলা এডিশন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের শিবপুর থেকে সদর উপজেলার রাধিকা সড়কে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ছাত্রদল নেতা রাব্বীসহ দুই তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত চারজন আহত হয়েছেন। বৃহস্পতিবার মাগরিবের পর এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, শ্যামগ্রামের বাসিন্দা রাব্বী ও মাসুম। রাব্বী এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং স্থানীয় ছাত্রদল নেতা ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ছাত্রদলের আহ্বায়ক শাহিনুর রহমান শাহিন।

প্রত্যক্ষদর্শী ও স্বজনদের সূত্রে জানা যায়, রাধিকা এলাকায় একটি ইয়ামাহা আর-১৫ ও একটি এফজেডএস মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষটি এতটাই তীব্র ছিল যে ঘটনাস্থলেই একাধিক আরোহী গুরুতর আহত হন।

নিহতের চাচাতো ভাই ইয়াসিন আরাফাত রিমন জানান, রাব্বীসহ তারা রাধিকা হয়ে ব্রাহ্মণবাড়িয়া শহরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। অপর নিহত মাসুমের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

দুর্ঘটনার পর গুরুতর আহতদের দ্রুত ব্রাহ্মণবাড়িয়া সদর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। আহত বাকি চারজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পুলিশ জানায়, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।



banner close
banner close