সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় বৈধ কাগজপত্র ছাড়া ট্রাকে করে পেট্রোল পরিবহনের সময় ২ হাজার ৪২০ লিটার জ্বালানি জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই ব্যক্তিকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার রাত সাড়ে ৮টার দিকে সিরাজগঞ্জ-বগুড়া মহাসড়কের শ্যামলীপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছেন উল্লাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) রুপু কর।
অর্থদণ্ডপ্রাপ্তরা হলেন শাহজাদপুর উপজেলার আলোকদিয়া গ্রামের রেকাব আলীর ছেলে কামরুল ইসলাম এবং একই উপজেলার কান্দাপাড়া গ্রামের জলিল মণ্ডলের ছেলে পিকআপ ভ্যানচালক লাভলু মণ্ডল।
পুলিশ জানায়, শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি ডিপো এলাকা থেকে একটি ট্যাংক লরি থেকে পেট্রোল ড্রামে ভরে মিনি পিকআপ ভ্যানে করে রাজশাহীর উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল। পথে অভিযান চালিয়ে গাড়িটি জব্দ করা হয় এবং চালকসহ সংশ্লিষ্টদের আটক করা হয়।
পরিদর্শক রুপু কর বলেন, জব্দের সময় পেট্রোল ক্রয় ও পরিবহনের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি তারা। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের ১০ হাজার টাকা করে জরিমানা করেন। অনাদায়ে দুই দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হলেও তাৎক্ষণিক জরিমানা পরিশোধ করায় তাদের ছেড়ে দেওয়া হয়।
জব্দ করা পেট্রোল স্থানীয় একটি তেল পাম্পে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন:








