মাদক ব্যবসায়ী ও তাদের আশ্রয়-প্রশ্রয়দাতাদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে গাজীপুরের টঙ্গীতে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) রাতে টঙ্গীর বউ বাজার এলাকায় স্থানীয় দোকান মালিক ও বাড়িওয়ালাদের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় দোকান মালিক-বাড়িওয়ালা কমিটির সভাপতি বি.এম শামীমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মো. মেহেদী হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পৌরসভার সাবেক কমিশনার সুলতান উদ্দিন, টঙ্গী বাজার দোকান মালিক কমিটির ভারপ্রাপ্ত সভাপতি জসিম উদ্দিন দেওয়ান, কৃষক দলের নেতা মজিবুর রহমান,মানবাধিকার গাজীপুর দক্ষিণের সাধারণ সম্পাদক নাজমুল বারীসহ স্থানীয় বাড়িওয়ালা, ব্যবসায়ী, মসজিদের ইমাম ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা বলেন, মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি, যা যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।
সভাপতির বক্তব্যে বি.এম শামীম বলেন, মাদক ব্যবসায়ী ও মাদককে আশ্রয়দাতারা দেশের শত্রু। তাদের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং এলাকায় কেউ মাদক ব্যবসার সাথে জড়িত থাকলে তা দ্রুত প্রশাসনকে জানাতে হবে।
প্রধান অতিথি টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মো. মেহেদী হাসান বলেন, মাদক নির্মূলে পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। মাদক ব্যবসায়ী বা তাদের সহযোগীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। এ ক্ষেত্রে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করন তিনি।
সভা শেষে মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে সকলের সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
আরও পড়ুন:








