বৃহস্পতিবার

২৩ এপ্রিল, ২০২৬ ৯ বৈশাখ, ১৪৩৩

সিরাজগঞ্জে অবৈধ পণ্য খালাসের তথ্য সংগ্রহে সাংবাদিকদের ওপর হামলা, আহত ৩

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২২ এপ্রিল, ২০২৬ ২২:২৭

শেয়ার

সিরাজগঞ্জে অবৈধ পণ্য খালাসের তথ্য সংগ্রহে সাংবাদিকদের ওপর হামলা, আহত ৩
ছবি সংগৃহীত

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার দুর্গানগর ইউনিয়নের বালসাবাড়ী এলাকায় অবৈধভাবে ভারতীয় পণ্য খালাসের খবর সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। বুধবার (২২ এপ্রিল) সকাল ৯টার দিকে এ ঘটনায় তিনজন সাংবাদিক আহত হন এবং তাদের ক্যামেরা ও মোবাইল ফোনসহ সরঞ্জাম ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় উল্লাপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, বালসাবাড়ী এলাকায় গোপনে ভারত থেকে আনা হাইব্রিড সিল্ক সুতা খালাস করা হচ্ছিল। এতে বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকির অভিযোগ ওঠে। বিষয়টি জানতে পেরে দৈনিক শ্যামল বাংলা, দৈনিক কালের কণ্ঠ ও গ্রীন টিভির কয়েকজন সাংবাদিক ঘটনাস্থলে গিয়ে তথ্য সংগ্রহ ও ভিডিও ধারণের চেষ্টা করেন।

এ সময় আলামিন জোয়াদ্দার ও তার সহযোগীরা সাংবাদিকদের ওপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে। হামলায় দৈনিক শ্যামল বাংলা পত্রিকার প্রতিনিধি তুহিন আলম, দৈনিক কালের কণ্ঠের আতাউর রহমান রাজু এবং গ্রীন টিভির প্রতিনিধি আরিফুল ইসলাম আহত হন। হামলাকারীরা তাদের ক্যামেরা ও মোবাইল ফোন ভাঙচুর করে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ঘটনার পর আহত আতাউর রহমান রাজু বাদী হয়ে উল্লাপাড়া মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি জানান, অবৈধ পণ্য খালাসের তথ্য সংগ্রহের সময় পরিকল্পিতভাবে তাদের ওপর হামলা চালানো হয় এবং পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়া হয়।

উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) সেলিম হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহত সাংবাদিকদের উদ্ধার করে। তিনি আরও জানান, অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে ঘটনার পর স্থানীয় সাংবাদিক মহলে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। তারা হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এ বিষয়ে অভিযুক্ত আলামিন জোয়াদ্দার ও তার সহযোগীদের বক্তব্য পাওয়া যায়নি।



banner close
banner close