বুধবার

২২ এপ্রিল, ২০২৬ ৯ বৈশাখ, ১৪৩৩

ফেনীতে নারীকে অশালীন আচরণ: হাতকাটা রুবেল’ গ্রেপ্তার

চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি:

প্রকাশিত: ২২ এপ্রিল, ২০২৬ ২০:২০

শেয়ার

ফেনীতে নারীকে অশালীন আচরণ: হাতকাটা রুবেল’ গ্রেপ্তার
ছবি সংগৃহীত

ফেনী জেলা শহরে এক নারীকে অশালীন মন্তব্য ও কুরুচিপূর্ণ অঙ্গভঙ্গির অভিযোগে ব্যাটারিচালিত অটোরিকশাচালক মো. রুবেল খান ওরফে ‘হাতকাটা রুবেল’ (৩০) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২২ এপ্রিল) দুপুরে তথ্যপ্রযুক্তির সহায়তায় চট্টগ্রাম শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী নারী ফেনী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ১০ ধারায় মামলা দায়ের করেছেন।

পুলিশ জানায়, গ্রেপ্তার রুবেল খান বাগেরহাট জেলার মোরেলগঞ্জ থানার কালিকাবাড়ী গ্রামের বাসিন্দা এবং মো. খোকনের ছেলে। তিনি ফেনী পৌরসভার ১নং ওয়ার্ডের পূর্ব উকিলপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

ঘটনার বিবরণে জানা গেছে, গত সোমবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে ফেনী মডেল থানাধীন মাস্টারপাড়া এলাকার সোবহান মঞ্জিলের সামনে দিয়ে যাওয়ার সময় ভুক্তভোগী নারীকে লক্ষ্য করে অটোরিকশাচালক রুবেল অশ্লীল ভাষায় মন্তব্য করেন। ভুক্তভোগী প্রতিবাদ করলে তিনি আরও উত্তেজিত হয়ে আপত্তিকর অঙ্গভঙ্গি করেন এবং লুঙ্গি তুলে অশোভন আচরণে লিপ্ত হন।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জনমনে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। স্থানীয়রা দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তারের দাবি জানান।

পরে বিষয়টি প্রশাসনের নজরে এলে ফেনী মডেল থানা পুলিশ তদন্ত শুরু করে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই পারসিত চাকমা ভুক্তভোগীর ধারণকৃত ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তের অবস্থান শনাক্ত করেন। পরবর্তীতে একটি বিশেষ অভিযানে চট্টগ্রাম শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ফেনী মডেল থানার ওসি (তদন্ত) সজল কান্তি দাস জানান, অভিযোগ পাওয়ার পর দ্রুত পদক্ষেপ নিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।



banner close
banner close