কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় মুখোশধারী দুষ্কৃতকারীদের এলোপাতাড়ি গুলিতে স্বেচ্ছাসেবক দল নেতা রবিউল ইসলামসহ অন্তত ১০ জন গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার (২০ এপ্রিল) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মরিচা ইউনিয়নের মাজদিয়াড় গ্রামে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধদের মধ্যে গুরুতর আহত দুইজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে। গুরুতর আহত রবিউল ইসলাম (৩৬) মরিচা ইউনিয়নের বাসিন্দা ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক।
এ ঘটনায় আহত অন্যরা হলেন—সোহেল রানা (৪৫), তার স্ত্রী তমা খাতুন (২৬), কামরুল ইসলাম (৩৭), মুন্নি (২৪), রুনা খাতুন (২৭), মিতা খাতুন (৩০), তৌহিদুল ইসলাম (৩০) ও তার স্ত্রী মেরিনা (২৫)।
স্থানীয়দের বরাতে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, গভীর রাতে একদল মুখোশধারী দুর্বৃত্ত রবিউল ইসলামকে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা করে। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা ব্রাশফায়ার ও শটগান দিয়ে এলোপাতাড়ি গুলি চালায়। এতে নারী-পুরুষসহ অন্তত ১০ জন গুলিবিদ্ধ হন।
তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন:








