সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক ব্যবসায়ীর দোকান থেকে মজুত করা ১,৭৪৪ লিটার ডিজেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় অবৈধভাবে জ্বালানি তেল মজুতের দায়ে সংশ্লিষ্ট ব্যবসায়ীকে ৩ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার সকাল দিকে উপজেলার পৌর এলাকার শেরনগর বাজারে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানে মেসার্স রবিউল এন্টারপ্রাইজ নামের দোকানে তল্লাশি চালিয়ে ১,৭৪৪ লিটার ডিজেল মজুত অবস্থায় জব্দ করা হয়। পরবর্তীতে দোকানের স্বত্বাধিকারী রবিউল ইসলামকে প্রযোজ্য আইনে ৩ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।
জব্দ করা ডিজেল পরবর্তীতে স্থানীয় ডিলার পয়েন্টের মাধ্যমে সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি করা হয় এবং বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
অভিযান চলাকালে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমাম জাফরসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন জাহান জানান, চলমান জ্বালানি সংকটের সুযোগ নিয়ে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে ডিজেল মজুত করা হয়েছিল। এ ধরনের অনিয়ম প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
তবে অভিযুক্ত ব্যবসায়ীর কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
আরও পড়ুন:








