সোমবার

২০ এপ্রিল, ২০২৬ ৭ বৈশাখ, ১৪৩৩

সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ এপ্রিল, ২০২৬ ১৮:৫৭

শেয়ার

সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ
ছবি সংগৃহীত

সাংবাদিকদের একটি সমন্বিত তালিকা বা ডাটাবেজ প্রণয়নের বিষয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সাম্প্রতিক সংসদীয় বক্তব্যকে ইতিবাচক হিসেবে দেখছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)। রোববার (১৯ এপ্রিল) জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে মন্ত্রী সাংবাদিকদের তালিকা প্রণয়ন এবং নিয়োগ নীতিমালার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন, যা দীর্ঘদিনের দাবি বলে জানিয়েছে সংগঠনটি।

বিএমএসএফের মতে, দেশে পেশাদার সাংবাদিকদের নির্ভরযোগ্য তালিকা না থাকায় দীর্ঘদিন ধরে নানা অনিয়ম, অপসাংবাদিকতা ও পরিচয় সংকট তৈরি হয়েছে। এ প্রেক্ষাপটে গত ১৪ বছর ধরে সংগঠনটি সাংবাদিকদের তালিকা প্রণয়ন, নিয়োগ নীতিমালা এবং সাংবাদিক সুরক্ষা আইনসহ ১৪ দফা দাবিতে আন্দোলন চালিয়ে আসছে।

সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর বলেন, একটি গ্রহণযোগ্য ডাটাবেজ তৈরি করা গেলে প্রকৃত সাংবাদিকদের স্বীকৃতি নিশ্চিত হবে। একই সঙ্গে অপসাংবাদিকতা ও ভুয়া পরিচয়ের অপব্যবহার কমবে এবং সাংবাদিকদের নিরাপত্তা ও পেশাগত মর্যাদা বাড়বে। এর ফলে একটি দায়িত্বশীল ও মানসম্মত গণমাধ্যম পরিবেশ গড়ে উঠবে।

তিনি আরও বলেন, এই তালিকা প্রণয়নের ক্ষেত্রে স্বচ্ছতা, দলনিরপেক্ষতা এবং অংশগ্রহণমূলক প্রক্রিয়া নিশ্চিত করা জরুরি, যাতে তৃণমূল পর্যায়ের কর্মরত সাংবাদিকরাও যথাযথভাবে অন্তর্ভুক্ত হন।

বিএমএসএফ জানায়, ২০১৮ সালে তৎকালীন সরকার সাংবাদিকদের তালিকা প্রণয়নের উদ্যোগ নিলেও তা দীর্ঘ সময়েও বাস্তবায়িত হয়নি। সংগঠনটির দাবি, অতীতের মতো ভুল পদ্ধতি অনুসরণ করলে বর্তমান উদ্যোগও ব্যর্থ হতে পারে।

এ অবস্থায় দ্রুত সময়ের মধ্যে কার্যকর, গ্রহণযোগ্য ও সর্বজনীন সাংবাদিক ডাটাবেজ প্রণয়নের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে বিএমএসএফ। সংগঠনটির বিশ্বাস, এ উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের গণমাধ্যমের পেশাগত মানোন্নয়ন ও গণতান্ত্রিক চর্চা আরও শক্তিশালী হবে।



banner close
banner close