সোমবার

২০ এপ্রিল, ২০২৬ ৭ বৈশাখ, ১৪৩৩

তা’মীরুল মিল্লাত মাদ্রাসার পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু, অভিভাবকদের ক্ষোভ

গাজীপুর প্রতিনিধি:

প্রকাশিত: ২০ এপ্রিল, ২০২৬ ১৬:২৩

শেয়ার

তা’মীরুল মিল্লাত মাদ্রাসার পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু, অভিভাবকদের ক্ষোভ
ছবি সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার পুকুরে গোসল করতে নেমে আমীর উদ্দিন গাজী (৭ম শ্রেণি) নামে এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২০ এপ্রিল) বিকেলে মাদ্রাসা প্রাঙ্গণে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আসরের নামাজ আদায়ের পর আমীর উদ্দিন মাদ্রাসার পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে সে পানিতে তলিয়ে গেলে সহপাঠীরা বিষয়টি বুঝতে পেরে শিক্ষক ও স্থানীয়দের জানায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালানোর পর তাকে পানির নিচ থেকে উদ্ধার করা হয়।

পরে তাকে দ্রুত নিকটস্থ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার, সহপাঠী ও স্বজনদের মাঝে গভীর আহাজারি বিরাজ করছে। মাদ্রাসার কেন্দ্রীয় ছাত্রসংসদের ভিপি মঈনুল ইসলাম জানান, আমীর উদ্দিনের পিতা আগেই মারা গেছেন। ছেলের মৃত্যুর খবর পেয়ে তার মা গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন।

উল্লেখ্য, ২০২৩ সালেও একই মাদ্রাসার এক শিক্ষার্থী পুকুরে ডুবে মারা যায়। ওই ঘটনার পর পুকুরের গভীরতা কমাতে বালু ফেলা এবং দীর্ঘদিন গোসল নিষিদ্ধ রাখা হয়েছিল। তবে পুনরায় একই ধরনের দুর্ঘটনা ঘটায় মাদ্রাসা প্রশাসনের অবহেলার অভিযোগ তুলেছেন স্থানীয় অভিভাবকরা। তারা পুকুরটি স্থায়ীভাবে নিরাপদ করা বা চারপাশে ঘেরাও করে দেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে মাদ্রাসার অধ্যক্ষ ড. হিফজুর রহমানের তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।



আরও পড়ুন:

banner close
banner close