চট্টগ্রামের বাঁশখালীর পুঁইছড়ি বন্যপ্রাণী অভয়ারণ্যে বনদস্যুদের অবৈধ গাছ কাটার ঘটনায় অভিযান চালিয়ে ডাম্পারসহ বিপুল পরিমাণ কাঠ জব্দ করেছে বন বিভাগ। অভিযানের সময় বনদস্যুদের ছত্রভঙ্গ করতে গুলি ছোড়া হলে তারা পালিয়ে যায়।
বন বিভাগ সূত্রে জানা যায়, গত শুক্রবার গভীর রাতে পুঁইছড়ি বন্যপ্রাণী অভয়ারণ্যের বান্দরমারা এলাকায় একদল বনদস্যু অবৈধভাবে আকাশী গাছ কাটে। গোপন সংবাদের ভিত্তিতে পুঁইছড়ি বিটের সঙ্গে নাপোড়া বিট ও স্থানীয় ভিলেজ কনজারভেশন ফোরাম (ভিসিএফ) সদস্যদের সমন্বয়ে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে বনদস্যুদের ছত্রভঙ্গ করতে পাঁচ রাউন্ড গুলি ছোড়া হয়। এতে তারা দ্রুত পালিয়ে গিয়ে কর্তিত গাছগুলো পাশের জঙ্গলে লুকিয়ে রাখে।
পরদিন সকালে বনদস্যুরা ডাম্পারযোগে কাঠ পাচারের চেষ্টা করলে খবর পেয়ে বিট কর্মকর্তা মো. কামরুল হাছানের নির্দেশে বন প্রহরী মো. জুয়েলুর রহমান ও সুভাষ চন্দ্র লস্কর শাহাদাত মার্কেট এলাকায় ডাম্পারটি থামানোর চেষ্টা করেন। এ সময় বনদস্যুরা তাদের ওপর গাড়ি তুলে দেওয়ার চেষ্টা করে দ্রুত পালিয়ে যায়।
পরে বনকর্মীরা ডাম্পারটির পিছু নিয়ে বিষয়টি রেঞ্জ কর্মকর্তা মো. ইসরাঈল হককে অবহিত করেন। তাঁর নেতৃত্বে পুলিশ প্রশাসন ও নাপোড়া বিটের সহযোগিতায় আল-আকসা বাজার এলাকা থেকে ডাম্পারসহ কর্তিত কাঠ জব্দ করা হয়। জব্দকৃত কাঠ বিট কার্যালয়ের হেফাজতে রাখা হয়েছে।
বন বিভাগের কর্মকর্তারা জানান, বন ও বন্যপ্রাণী রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানে উপস্থিত ছিলেন পুঁইছড়ি ও নাপোড়া বন্যপ্রাণী অভয়ারণ্যের বিট কর্মকর্তারা, জলদী রেঞ্জ কর্মকর্তা, ফরেস্ট রেঞ্জার, ফরেস্ট গার্ড, ওয়াইল্ডলাইফ স্কাউট সদস্য এবং পেকুয়া থানার পুলিশ সদস্যরা।
আরও পড়ুন:
.jpg)







