চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুর সদর উপজেলার ৮ নং বাগাদী ইউনিয়নের ১ নং ওয়ার্ড মমিনপুর দক্ষিণ মিজি বাড়ি সংলগ্ন ডাকাতিয়া নদীতে গোসল করতে নেমে দুই শিশু নিখোঁজ হওয়ার মর্মান্তিক ঘটনা ঘটেছে। এ ঘটনায় শাহদাত নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হলেও মাহমুদ নামের অপর শিশু এখনও নিখোঁজ রয়েছে।
রবিবার দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে তারা নিখোঁজ হয়। স্থানীয়দের ভাষ্যমতে, একসঙ্গে কয়েকজন শিশু নদীতে নেমেছিল, তবে কিছুক্ষণ পর শাহদাত ও মাহমুদকে আর খুঁজে পাওয়া যায়নি।
নিখোঁজের প্রায় দেড় ঘণ্টা পর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে তারা শাহদাতকে উদ্ধার করে দ্রুত চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে, নিখোঁজ মাহমুদকে উদ্ধারে ফায়ার সার্ভিস এবং তাদের ডুবুরি দল যৌথভাবে উদ্ধার কার্যক্রম চালিয়ে সন্ধ্যার পূর্বে আজকের উদ্ধার কার্যক্রম স্থগিত করে।
চাঁদপুর ফায়ার সার্ভিস সদর স্টেশনের উপ-সহকারী পরিচালক মোঃ আব্দুল্লাহ জানান, নিখোঁজ শিশুটিকে খুঁজে পেতে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে।
এ মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের মাঝে বিরাজ করছে গভীর শোক ও উদ্বেগ।
আরও পড়ুন:








