শনিবার

১৮ এপ্রিল, ২০২৬ ৫ বৈশাখ, ১৪৩৩

ছয় জেলায় বজ্রপাতে ১২ জন নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ এপ্রিল, ২০২৬ ২০:২৫

শেয়ার

ছয় জেলায় বজ্রপাতে ১২ জন নিহত
প্রতীকী ছবি

দেশের ছয় জেলায় শনিবার দুপুর থেকে বিকালের মধ্যে পৃথক বজ্রপাতে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।

মৃতদের মধ্যে সুনামগঞ্জে পাঁচজন, রংপুরের মিঠাপুকুরে দুজন, হবিগঞ্জের নবীগঞ্জে একজন, কিশোরগঞ্জের করিমগঞ্জে একজন, নেত্রকোনায় একজন এবং ময়মনসিংহের গৌরীপুর ও গফরগাঁওয়ে দুজন রয়েছেন।

সুনামগঞ্জে ৫ জন নিহত

জেলার তাহিরপুর, ধর্মপাশা, দিরাই ও জামালগঞ্জ উপজেলায় বজ্রপাতে এক শিক্ষার্থীসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুজন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

ধান কাটার সময় ও খামারে কাজ করার সময় পৃথক ঘটনায় তারা বজ্রপাতে নিহত হন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে এবং কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হয়েছে।

রংপুরে ২ জেলের মৃত্যু

মিঠাপুকুর উপজেলার একটি বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই জেলের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন অন্তত ১০ জন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

হবিগঞ্জে ১ জন নিহত

নবীগঞ্জ উপজেলার মমিনা হাওড়ে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে সুনাম উদ্দিন (৩৫) ঘটনাস্থলেই মারা যান। পুলিশ মরদেহ উদ্ধার করেছে বলে জানিয়েছেন থানার ওসি।

কিশোরগঞ্জে কৃষকের মৃত্যু

করিমগঞ্জ উপজেলার বড় হাওড়ে ধান কাটার সময় বজ্রপাতে আহত হয়ে হলুদ মিয়া (৩৭) হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

ময়মনসিংহে ২ জন নিহত

গৌরীপুরে ধান কাটতে গিয়ে রহমত আলী উজ্জ্বল (৪০) এবং গফরগাঁওয়ে মাঠে কাজ করার সময় মমতাজ আলী (৭০) বজ্রপাতে মারা যান।

নেত্রকোনায় ১ জন নিহত

আটপাড়া উপজেলার হাওড়ে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে আলতু মিয়া (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। উপজেলা প্রশাসন নিহত পরিবারের সঙ্গে যোগাযোগ করছে এবং সহায়তার আশ্বাস দিয়েছে।

প্রতিটি ঘটনায় স্থানীয় প্রশাসন ও পুলিশ নিহতের বিষয়টি নিশ্চিত করেছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।



banner close
banner close