শনিবার

১৮ এপ্রিল, ২০২৬ ৫ বৈশাখ, ১৪৩৩

কুড়িগ্রামে বিজিবির অভিযানে অর্ধকোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ এপ্রিল, ২০২৬ ১৪:১২

শেয়ার

কুড়িগ্রামে বিজিবির অভিযানে অর্ধকোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
ছবি: সংগৃহীত

কুড়িগ্রাম সীমান্তে পৃথক অভিযানে প্রায় অর্ধকোটি টাকা মূল্যের ভারতীয় চোরাচালান পণ্যসহ দুই কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (২২ বিজিবি)।

শনিবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক।

বিজিবি সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় কুড়িগ্রাম ব্যাটালিয়নের (২২ বিজিবি) একটি বিশেষ আভিযানিক দল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মোট ৫৬ লাখ ৮ হাজার ৫০০ টাকা মূল্যের বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য জব্দ করা হয়।

আটক মালামালের মধ্যে বিপুল পরিমাণ মোবাইল ফোনের ডিসপ্লে, জ্বালানি তেল, একটি মোটরসাইকেল এবং বিভিন্ন মাদকদ্রব্য রয়েছে। এসব অবৈধ পণ্য পরিবহনের দায়ে হাতেনাতে দুজনকে আটক করেছেন বিজিবি সদস্যরা।

এ বিষয়ে কুড়িগ্রাম ২২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক (পিএসসি) বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্কতা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী আমরা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছি। আমাদের এই অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি এবং জব্দ মালামাল কাস্টমসে জমা দেয়ার প্রক্রিয়া চলমান রয়েছে বলে বিজিবি সূত্রে জানানো হয়েছে।



banner close
banner close