গাজীপুরের শ্রীপুরে আলোচিত কিশোরী ফারিহাকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার নয়নপুর এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার তদন্ত কর্মকর্তা এসআই মুহাম্মদ লাল চান মিয়া।
পুলিশ জানায়, ফারিহাকে উদ্ধারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তার জবানবন্দি নেওয়া হবে। ওই জবানবন্দির ভিত্তিতে ঘটনার প্রকৃত কারণ ও রহস্য উদঘাটন হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় ইতোমধ্যে একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে এবং তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
এর আগে গত ১৬ এপ্রিল নিজ বাড়ি থেকে বাবার সামনে অস্ত্রের মুখে কিশোরী ফারিহাকে তুলে নেওয়ার অভিযোগ ওঠে একই এলাকার আবিদ (২১) নামের এক যুবকের বিরুদ্ধে।
এ ঘটনায় ভুক্তভোগীর বাবা হাদিউল ইসলাম শ্রীপুর থানায় একটি এজাহার দায়ের করেন। এজাহারে উল্লেখ করা হয়, অভিযুক্ত আবিদসহ কয়েকজন ব্যক্তি দীর্ঘদিন ধরে ফারিহাকে উত্ত্যক্ত করে আসছিল এবং বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করছিল।
এজাহার সূত্রে আরও জানা যায়, ঘটনার দিন সকালে ফারিহা মাদ্রাসায় যাওয়ার পথে তাকে জোরপূর্বক তুলে নেওয়া হয়। পরে স্থানীয়দের চাপের মুখে পরদিন তাকে ফিরিয়ে আনা হলেও পরবর্তীতে আবারও হামলা ও অপহরণের ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগে বলা হয়, একদল সশস্ত্র ব্যক্তি ভুক্তভোগীর বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট এবং প্রাণনাশের হুমকি দেয়। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে এর আগেই অভিযুক্তরা কিশোরীকে নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ।
তবে মামলার তদন্ত কর্মকর্তা জানান, ছেলে ও মেয়ের বাড়ি কাছাকাছি হওয়ায় তাদের মধ্যে পূর্বপরিচয় ছিল এবং সম্ভাব্য প্রেমের সম্পর্কের বিষয়টিও তদন্তে উঠে এসেছে। পুলিশের দাবি, গত ১৪ এপ্রিল তারা স্বেচ্ছায় পালিয়ে গিয়ে বিয়ে করেন। পরদিন স্থানীয়দের মধ্যস্থতায় তাদের ফিরিয়ে আনা হলেও দরবারে সমঝোতা না হওয়ায় পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে ওঠে।
আরও পড়ুন:








