রবিবার

৩০ আগস্ট, ২০২৬ ১৪ ভাদ্র, ১৪৩৩

বাঁশখালীতে বডবটি-অটোরিকশা সংঘর্ষে লবণ শ্রমিক নিহত, চালকের বিরুদ্ধে মামলা

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:

প্রকাশিত: ১৭ এপ্রিল, ২০২৬ ২১:৪৭

শেয়ার

বাঁশখালীতে বডবটি-অটোরিকশা সংঘর্ষে লবণ শ্রমিক নিহত, চালকের বিরুদ্ধে মামলা
ছবি সংগৃহীত

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বেপরোয়া গতির অটোরিকশা ও বডবটি (মোটর চালিত ভ্যান) গাড়ির মুখোমুখি সংঘর্ষে মো. আবু ছিদ্দিক (২৫) নামে এক লবণ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশা চালকসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার শেখেরখীল ইউনিয়নের ব্রিকফিল্ড সংলগ্ন মোজাফ্ফর সওদাগর বাড়ির পাশে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আবু ছিদ্দিক অটোরিকশাযোগে পশ্চিম দিক থেকে আসার পথে বিপরীত দিক থেকে আসা একটি বডবটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন। এতে তার মাথায় মারাত্মক আঘাত লাগে এবং শরীরের অভ্যন্তরীণ অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আবু ছিদ্দিক উপজেলার শেখেরখীল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বোজার বাপের বাড়ি এলাকার বাসিন্দা আবুল কাশেমের ছেলে। তিনি পেশায় দিনমজুর ও লবণ শ্রমিক ছিলেন।

এ ঘটনায় নিহতের পিতা আবুল কাশেম বাদী হয়ে অটোরিকশা চালক মিয়া হোসাইন এবং অজ্ঞাতনামা বডিবটি চালকের বিরুদ্ধে বাঁশখালী থানায় মামলা দায়ের করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, উভয় যানবাহনের বেপরোয়া গতির কারণেই এ দুর্ঘটনা ঘটে।

বাঁশখালী থানার ওসি (তদন্ত) শুধাংশু শেখর হালদার বলেন, 'প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতির কারণে অটোরিকশা ও বডিবটি গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন আবু ছিদ্দিক, পরবর্তীতে হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করা হয়েছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।'

এদিকে, মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে শুক্রবার (১৭ এপ্রিল) সকালে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।