কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী সীমান্ত সংলগ্ন নাফ নদীর শূন্যরেখায় মাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা যুবক গুরুতর আহত হয়েছেন। বিস্ফোরণে তার ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে গেছে।
বুধবার ১৫ এপ্রিল সকাল সাড়ে ৯টার দিকে পালংখালী ইউনিয়নের বিপরীতে মিয়ানমারের রাখাইন অঞ্চলের চাকমাকাটা এলাকায় এ ঘটনা ঘটে। আহত যুবকের নাম মো. ইউনুছ। তিনি বালুখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরের ক্যাম্প-১৯-এর বাসিন্দা।
স্থানীয় সূত্র জানায়, ইউনুছ নাফ নদীতে কাঁকড়া ধরতে গিয়ে শূন্যরেখায় জেগে ওঠা চর এলাকায় প্রবেশ করলে মাইন বিস্ফোরিত হয়। ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
ক্যাম্প-১৯-এর রোহিঙ্গা মাঝি লিয়াকত হোসেন জানান, জীবিকার তাগিদে অনেক রোহিঙ্গা নাফ নদে কাঁকড়া বা মাছ ধরতে যান এবং কখনো সীমান্ত অতিক্রম করে ফেলেন, যা এ ধরনের দুর্ঘটনার কারণ হয়।
উখিয়া ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জহিরুল ইসলাম বলেন, মিয়ানমারের অভ্যন্তরে মাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা আহত হয়েছে। কিছু রোহিঙ্গা মাছ ধরার অজুহাতে সীমান্ত অতিক্রম করেন। তবে সীমান্তে বিজিবির নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে।
স্থানীয় বাসিন্দাদের মতে, সীমান্তে মাইনের ঝুঁকি সত্ত্বেও জীবিকার প্রয়োজনে অনেকে ঝুঁকি নিয়ে এলাকায় যান। সাম্প্রতিক মাসগুলোতে এ ধরনের একাধিক দুর্ঘটনা ঘটেছে।
আরও পড়ুন:








