সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি অবৈধভাবে ইজারা দিয়ে পরিবহন শ্রমিকদের কাছ থেকে নিয়মিত টাকা আদায়ের অভিযোগ উঠেছে উল্লাপাড়া পৌরসভার বিরুদ্ধে। সওজ কর্তৃপক্ষের কোনো অনুমতি ছাড়াই এই কার্যক্রম চালানো হচ্ছে বলে স্থানীয় পরিবহন শ্রমিক ও ভুক্তভোগীরা অভিযোগ করেছেন। সওজ বিভাগ এটিকে সম্পূর্ণ নিয়মবহির্ভূত ও এখতিয়ারবহির্ভূত বলে জানিয়েছে।
উল্লাপাড়া পৌর এলাকার তেতুলতলা, শ্যামলীপাড়া স্ট্যান্ড, শ্রীকোলা বাসস্ট্যান্ড, পুরাতন বাসস্ট্যান্ড এবং রেলওয়ে বাসস্ট্যান্ডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে প্রতিদিন শত শত যানবাহন চলাচল করে। এসব স্থানে ভ্যান, অটোরিকশা, থ্রি-হুইলার, লেগুনা ও মিশুক থেকে নিয়মিত বিরতিতে টাকা আদায় করছেন ইজারাদারের নিয়োগকৃত লোকজন।
ভুক্তভোগী শ্রমিকরা জানিয়েছেন, ইজারার নামে তাদের ওপর জুলুম চলছে। একজন অটোরিকশা চালক বলেন, আমরা দিন আনি দিন খাই। রাস্তায় গাড়ি দাঁড় করালেই টাকা দিতে হয়। এই জুলুমের কারণে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে।
ইজারাদাররা জানিয়েছেন, চলতি বছরের জন্য প্রায় ২৫ লাখ টাকা দিয়ে পৌরসভা থেকে এসব পয়েন্ট ইজারা নিয়েছেন। তবে সড়ক ও জনপথ বিভাগের কোনো অনাপত্তিপত্র বা অনুমতিপত্র তাঁরা দেখাতে পারেননি। তাঁরা এ বিষয়ে পৌর নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে বলেন।
উল্লাপাড়া পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম ভূঁইয়া দাবি করেন, সড়ক ও জনপথ বিভাগের সঙ্গে নিয়ম মেনে চুক্তি হয়েছে এবং সেই অনুযায়ীই ইজারা দেওয়া হয়েছে।
তবে সিরাজগঞ্জ জেলা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী ইমরান ফারহান সুমেল এ দাবি প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, উল্লাপাড়া পৌরসভার সঙ্গে সওজের ইজারা সংক্রান্ত কোনো চুক্তি হয়নি। থ্রি-হুইলার বা অন্যান্য যানবাহন সাময়িকভাবে জায়গা ব্যবহার করতে পারে, কিন্তু সওজের জমি অন্য কাউকে ইজারা দেওয়ার কোনো এখতিয়ার পৌরসভার নেই। এটি সম্পূর্ণ নিয়মবহির্ভূত ও বেআইনি।
সরকারের দুটি প্রতিষ্ঠানের মধ্যে এমন সমন্বয়হীনতা বা ব্যক্তিস্বার্থে দুর্নীতির কারণে সাধারণ পরিবহন শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।
অভিযোগকারীরা সওজের জমিতে পৌরসভার অবৈধ দখলদারিত্ব ও চাঁদাবাজি অবিলম্বে বন্ধ করতে এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
আরও পড়ুন:








