কুমিল্লা দাউদকান্দিতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে পড়ে ৭ জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছে অন্তত ৬ জন।
মঙ্গলবার ভোর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার হাসানপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। চাল বোঝাই ট্রাকটি দিনাজপুর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে যাওয়ার পথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়েছেন বলে দাউদকান্দি হাইওয়ে পুলিশ জানায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দিনাজপুর থেকে চট্টগ্রামগামী একটি চাল বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৩-১২০৯) নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের নিচে পড়ে যায়। এসময় ট্রাকের ওপরে থাকা যাত্রীরাও নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ৭ জন পুরুষ ঘটনাস্থলে নিহত হন। আহত হন আরও অন্তত ৬ জন।
নিহত ব্যক্তিরা হলেন- দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার খালিবপুর গ্রামের আজাদ মিয়ার পুত্র মোহাম্মদ আফজাল হোসেন(৩৫), আলম হোসেনের পুত্র সোহরাব হোসেন(৪০), ফলুর রহমানের পুত্র সালেক হোসেন(৪৫), বিরামপুর থানার ভাইঘর গ্রামের পলাশ মিয়ার পুত্র সুমন(২২), বিষ্ণু(৩৫), মজিরুল ইসলামের পুত্র আবু হোসেন(৩০) ও রকিবুল্লাহ'র পুত্র আব্দুর রশিদ(৫০)। আহতদের স্থানীয়রা উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে বলে জানা যায়।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আরও পড়ুন:








