গাজীপুরের টঙ্গীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
রবিবার রাতে টঙ্গীর হিমারদিঘী আমতলী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
গাজীপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালকের সার্বিক তত্ত্বাবধানে এবং সহকারী পরিচালক শাহীন মাহমুদের নেতৃত্বে একটি চৌকস টিম অভিযানে অংশ নেয়।
অভিযান চলাকালে ব্রাহ্মণবাড়িয়ার ভৈরব উপজেলার আওলাকান্দা ও পঞ্চবটি এলাকার বাসিন্দা মিতু আক্তার ও শারমিন নামে দুই নারীকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে মোট ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় পরিদর্শক মাহবুবুল আলম ভূঁইয়া বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
মামলার বাদী মাহবুবুল আলম ভূঁইয়া জানান, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে এবং সমাজ থেকে মাদক নির্মূলে অধিদপ্তর কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, মাদক কারবারিদের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং নিয়মিত অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।
আরও পড়ুন:








