সোমবার

১৩ এপ্রিল, ২০২৬ ৩০ চৈত্র, ১৪৩২

সীমান্তে বিএসএফের হাতে দুই বাংলাদেশি আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ এপ্রিল, ২০২৬ ১৭:২৫

শেয়ার

সীমান্তে বিএসএফের হাতে দুই বাংলাদেশি আটক
ছবি সংগৃহীত

ভারতের আসামে অনুপ্রবেশের সময় কুড়িগ্রামের নাগেশ্বরী সীমান্ত এলাকা থেকে দুই বাংলাদেশি যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ ঘটনায় সীমান্তজুড়ে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

আটককৃতরা হলেন নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের অষ্টমির চর এলাকার বাগমারা গ্রামের সোলাইমান হোসেন এবং ভূরুঙ্গামারী উপজেলার দক্ষিণ বলদিয়া কুমারটারী গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে সোহাগ মিয়া।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (১৩ এপ্রিল) রাতে উত্তর ঝাউকুটি সীমান্তের ১০৩৭ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলার সংলগ্ন এলাকা দিয়ে তারা ভারতের আসাম রাজ্যের ধুবরী জেলার টাকিমারী এলাকায় প্রবেশ করেন। এ সময় বিএসএফ সদস্যরা স্থানীয় ভারতীয়দের সহায়তায় তাদের আটক করে।

সোহাগের বড় ভাই সোহেল রানা জানান, তিন দিন আগে বাড়ি থেকে বের হওয়ার পর সোমবার সকালে তিনি জানতে পারেন, তার ভাই ভারতে আটক হয়েছেন। তবে কী কারণে তিনি সেখানে গিয়েছিলেন, তা নিশ্চিত করে বলতে পারেননি।

নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের একজন তার ইউনিয়নের এবং অন্যজন পার্শ্ববর্তী বলদিয়া ইউনিয়নের বাসিন্দা। সীমান্ত অতিক্রমের সময় বিএসএফ তাদের আটক করেছে বলে জানা গেছে।

এ বিষয়ে কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব উল হক জানান, দুই বাংলাদেশি নাগরিক আটকের বিষয়টি তারা অবগত রয়েছেন। তাদের ফেরত আনার লক্ষ্যে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।



banner close
banner close