সংবিধান সংস্কারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোট। এ কর্মসূচির মাধ্যমে সংবিধান সংশোধনের বিষয়ে নিজেদের শক্ত অবস্থানের কথা তুলে ধরেন নেতারা।
রবিবার বিকেল ৫টায় পৌর পার্কে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শান্তিমোড়ে গিয়ে শেষ হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক মেয়র মো. নজরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য ও সাবেক এমপি মো. লতিফুর রহমান, জেলা আমীর মাওলানা আবুজার গিফারী, জেলা নায়েবে আমীর ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মোখলেসুর রহমান, জেলা সেক্রেটারি অধ্যাপক আবু বকর, পৌরসভা আমীর হাফেজ গোলাম রাব্বানী, সদর উপজেলা আমীর হাফেজ আব্দুল আলীম এবং শিবিরের শহর সভাপতি মো. ইউসুফ আল গালিবসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, বর্তমান সংবিধানে প্রয়োজনীয় সংস্কার এনে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে এবং গণভোটের রায় বাস্তবায়ন জরুরি। তারা অবিলম্বে গণতন্ত্রের স্বাভাবিক ধারা ফিরিয়ে আনা এবং জনগণের অধিকার নিশ্চিত করার দাবি জানান।
বক্তারা আরও বলেন, দেশের রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা ও সুশাসন প্রতিষ্ঠার জন্য সংবিধান সংস্কার অত্যন্ত প্রয়োজন। এ সময় তারা সরকারের বিভিন্ন নীতির সমালোচনা করেন এবং জনগণের দাবি মেনে নেওয়ার আহ্বান জানান।
আরও পড়ুন:








