রবিবার

১২ এপ্রিল, ২০২৬ ২৯ চৈত্র, ১৪৩২

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে ৪ স্বর্ণের বারসহ পাচারকারী আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: ১২ এপ্রিল, ২০২৬ ১৭:৩৩

শেয়ার

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে ৪ স্বর্ণের বারসহ পাচারকারী আটক
ছবি সংগৃহীত

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তবর্তী বারাদি এলাকায় অভিযান চালিয়ে চারটি স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় পরিচালিত এ অভিযানে জব্দকৃত স্বর্ণের মোট ওজন ৪৫২ গ্রাম, যার আনুমানিক মূল্য ৯৬ লাখ ৯ হাজার ৫২০ টাকা।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) অধীন বারাদি বিওপির একটি টহল দল সীমান্তের পাঁচ কবর এলাকায় অবস্থান নেয়। সন্ধ্যা আনুমানিক ৭টা ১৫ মিনিটে এক ব্যক্তি বাইসাইকেলযোগে সীমান্তের দিকে অগ্রসর হলে তাকে থামার সংকেত দেওয়া হয়। কিন্তু তিনি তা অমান্য করে পালানোর চেষ্টা করলে টহল দল ধাওয়া করে তাকে আটক করে।

আটক ব্যক্তির নাম শ্রী সমর হালদার (২৭)। তিনি চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানাধীন পারকৃষ্ণপুর গ্রামের গোপাল হালদারের ছেলে। পরে তার দেহ তল্লাশি করে সবুজ টেপে মোড়ানো একটি পোটলা উদ্ধার করা হয়। পোটলাটি খুলে চারটি স্বর্ণের বার পাওয়া যায়। ডিজিটাল স্কেলে ওজন করে মোট ৪৫২ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়।

এ সময় আটক ব্যক্তির কাছ থেকে একটি মোবাইল ফোন ও একটি বাইসাইকেলও জব্দ করা হয়েছে। বিজিবি জানায়, উদ্ধার করা স্বর্ণগুলো অবৈধভাবে ভারতে পাচারের উদ্দেশ্যে সীমান্তে নেওয়া হচ্ছিল।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান জানান, জব্দকৃত স্বর্ণ ট্রেজারিতে জমা করা হয়েছে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে দর্শনা থানায় মামলা দায়ের করা হয়েছে।



banner close
banner close