ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে চারটি যানবাহনের সংঘর্ষে ট্রাক থেকে প্রায় ৫ টন ওজনের স্টিলের বান্ডেল ছিটকে পড়ে এক পথচারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
শুক্রবার (১০ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত পথচারীর নাম আশরাফ (১৮)। তিনি উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চৈতন্যেরহাট এলাকার পেয়ারুল হকের ছেলে। আহতরা হলেন—সোহাগ (২০), রাসেল (৩২) ও নুরুল আমিন (২৮)।
প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কে যান চলাচল ধীরগতির থাকায় প্রথমে একটি পিকআপের পেছনে ধাক্কা দেয় একটি কাভার্ডভ্যান। পরে ওই কাভার্ডভ্যানের পেছনে স্টিলের বান্ডেলবাহী একটি ট্রাক ধাক্কা দেয়। এর পরপরই ট্রাকটির পেছনে আরও একটি কাভার্ডভ্যান ধাক্কা দিলে চারটি যানবাহনের মধ্যে ভয়াবহ সংঘর্ষ ঘটে।
সংঘর্ষের সময় ট্রাকে থাকা প্রায় ৫ টন ওজনের স্টিলের বান্ডেল ছিটকে একটি কাভার্ডভ্যানের ওপর পড়ে। এতে গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালক সিটে আটকা পড়েন। একই সময়ে রাস্তা পারাপারের সময় এক পথচারী গুরুতর আহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। আহতদের উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আশরাফ মারা যান।
জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করে এবং দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে।
আরও পড়ুন:








