শনিবার

১১ এপ্রিল, ২০২৬ ২৭ চৈত্র, ১৪৩২

লেবাননে ইসরাইলি বোমা হামলায় ফরিদপুরের নারী নিহত

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত: ১০ এপ্রিল, ২০২৬ ২৩:০১

শেয়ার

লেবাননে ইসরাইলি বোমা হামলায় ফরিদপুরের নারী নিহত
ছবি সংগৃহীত

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের মধ্যে লেবাননের রাজধানী বৈরুতের হামরা এলাকায় ইসরাইলি বোমা হামলায় ফরিদপুরের এক নারী নিহত হয়েছেন। নিহত দীপালী আক্তার (৩৪) গত ৮ এপ্রিল সন্ধ্যায় হামলায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় হাসপাতালে মারা যান।

নিহত দীপালী আক্তার ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের পূর্ব শালেপুর গ্রামের বাসিন্দা। তিনি শেখ মোফাজ্জল ওরফে মোকা শেখের মেয়ে। জীবিকার তাগিদে ২০২৪ সালে গৃহকর্মী হিসেবে লেবাননে পাড়ি জমান তিনি। সেখানে একটি পরিবারের সঙ্গে বসবাস করে কাজ করছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন যে বাসায় তিনি কর্মরত ছিলেন, সেখানে হঠাৎ বোমা হামলা চালানো হয়। বিস্ফোরণে নিয়োগকর্তা পরিবারের ছয় সদস্য ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অবস্থায় দীপালীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের ছোট বোন লাইজু বেগম জানান, দুই ভাই ও তিন বোনের মধ্যে দীপালী ছিলেন চতুর্থ। বর্তমানে তার মরদেহ বৈরুতের রফিক হারিরী হাসপাতালে মর্গে রাখা হয়েছে। মরদেহ দেশে আনার জন্য পরিবারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। বৈরুতে অবস্থানরত বাংলাদেশিদের মাধ্যমে খবর পাওয়ার পর সংশ্লিষ্ট দূতাবাসের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে।

এ বিষয়ে চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজ বলেন, ঘটনাটি স্থানীয়ভাবে জানা গেছে এবং মরদেহ দেশে আনার ক্ষেত্রে পরিবারকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে। তিনি বলেন, “রেমিট্যান্স যোদ্ধা দীপালীর মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি।”



banner close
banner close