ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে মো. রুবেল (৩৫) নামের এক অস্ত্রধারী সন্ত্রাসীকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার (১০ এপ্রিল) বিকাল সাড়ে ৫টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকায় এনভয় গার্মেন্টস সংলগ্ন মনিরের দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, আটক মো. রুবেল বরিশালের উজিরপুর উপজেলার উটরা এলাকার মো. ইউনুস রাড়ীর ছেলে। তিনি বর্তমানে আশুলিয়ার জামগড়া ছোট রূপায়ন ছয়তলা এলাকায় বসবাস করে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
ঘটনার প্রেক্ষাপটে পুলিশ জানায়, গত ৭ এপ্রিল সকালে জামগড়া এলাকার একটি হোটেল থেকে খাবার খেয়ে ঢাকার চকবাজারে যাওয়ার উদ্দেশ্যে বের হন দুই বন্ধু আল আমিন ও পারভেজ। পথিমধ্যে জামগড়া ঈদগা মাঠ এলাকায় দুটি মোটরসাইকেলে করে আসা চার দুর্বৃত্ত তাদের পথরোধ করে। পরে অস্ত্রের মুখে আল আমিনের পেটের বাম পাশে এবং পারভেজের বাম হাতের কনুইতে গুলি করে তাদের কাছ থেকে প্রায় দুই লাখ টাকা ছিনিয়ে নেয় তারা।
এই ঘটনার পর ব্যবহৃত অস্ত্র উদ্ধারের লক্ষ্যে শুক্রবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় আশুলিয়া থানা পুলিশ। এসআই মো. রাশেদুজ্জামান, এসআই মো. আবু তালেব ও এএসআই মো. আমিনুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে রুবেলকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুবেল হাওলাদার বলেন, আটক ব্যক্তি একজন অস্ত্রধারী সন্ত্রাসী। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
আরও পড়ুন:








